কলকাতা: অনলাইনে অর্ডার করা মোবাইল বাড়িতে পৌঁছনোর বদলে তা চলে যাচ্ছে কালোবাজারিতে! ডেলিভারি বয়ের হাত ঘুরে গ্রাহকদের পছন্দের ফোন পৌঁছে যাচ্ছে অসাধু ব্যবসায়ীদের হাতে। নিউ আলিপুর থানার পুলিশের তৎপরতায় পর্দাফাঁস হলো এমনই এক বড়সড় কেলেঙ্কারির। এই ঘটনায় ইতিমধ্য়েই তিন অসাধু মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও মূল অভিযুক্ত ডেলিভারি বয় এখনও ফেরার।
পুলিশ সূত্রে খবর, একটি নামী ই-কমার্স সংস্থার কাছ থেকে ২৮টি দামি স্মার্টফোন ডেলিভারি করার বরাত পেয়েছিল শহরের একটি নামী কুরিয়ার সংস্থা। সংস্থার পক্ষ থেকে এই ফোনগুলি ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় এক ডেলিভারি বয়কে। কিন্তু কিছুদিন যেতেই শুরু হয় বিপত্তি। ক্রেতারা অভিযোগ করতে থাকেন যে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁরা ফোন পাননি। অথচ নথিপত্রে ডেলিভারি সংক্রান্ত জটিলতা দেখাচ্ছে।
ভুরি ভুরি অভিযোগ পেয়ে তদন্তে নামে নিউ আলিপুর থানার পুলিশ। দেখা যায়, ওই ডেলিভারি বয় ফোনগুলি ক্রেতাদের হাতে না দিয়ে স্থানীয় মোবাইল ব্যবসায়ীদের কাছে কম দামে বিক্রি করে দিত। ধৃত তিন ব্যবসায়ী সেই ফোনগুলিই আবার চড়া দামে বাজারে বিক্রি করত। ধৃতদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
কুরিয়ার সংস্থার ওই কর্মীর হদিস পেতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। ওই ই-কমার্স সংস্থা এবং কুরিয়ার সংস্থার কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের জাল আরও কতদূর বিস্তৃত, তা জানতেই ধৃত ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উৎসবের আবহে অনলাইনে দামি ফোন কেনার আগে গ্রাহকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে লালবাজার।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন