কলকাতা: ফুটবল পাগল শহর কলকাতার জন্য এক অভাবনীয় উপহার ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। শাস্তির খাঁড়া এবং ফেডারেশনের সঙ্গে টানাপড়েনের মাঝেই সবুজ-সুনামি আছড়ে পড়তে চলেছে যুবভারতীতে। ওডিশা এফসি-র বিরুদ্ধে মোহনবাগানের আসন্ন হোম ম্যাচে গ্যালারি ভরিয়ে তুলতে সমর্থকদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করল ক্লাব ম্যানেজমেন্ট।
আগামী ৬ মার্চ, শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ওডিশা এফসি। ৪ মার্চ, বুধবার মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেন, এই ম্যাচের জন্য সমর্থকদের কোনও টিকিট কাটতে হবে না। তিনি জানিয়েছেন, ক্লাবের প্রতি সমর্থকদের ভালোবাসা এবং আনুগত্যকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। প্রত্যেক সমর্থক বিনামূল্যে দুটি করে সাধারণ টিকিট (General Tickets) সংগ্রহ করতে পারবেন।
সঞ্জীব গোয়েঙ্কার মতে, এখন দোল উৎসবের আবহে মাতোয়ারা গোটা দেশ এবং সামনেই রয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এই জোড়া উপলক্ষকে সামনে রেখেই বাগান ভক্তদের এই উপহার দেওয়া হচ্ছে। তবে ফুটবল মহলের একাংশ মনে করছে, কেরালা ব্লাস্টার্স ম্যাচে অপ্রীতিকর ঘটনার জেরে ফেডারেশনের দেওয়া শাস্তির বিরুদ্ধে এটি একটি বড় 'মাস্টার স্ট্রোক'। ফেডারেশন প্রথমে দর্শকহীন স্টেডিয়ামে খেলার কথা বললেও পরে আংশিক দর্শক প্রবেশের অনুমতি দেয়। সমর্থকদের প্রবেশ নিশ্চিত করতেই ক্লাব এই কৌশলী পদক্ষেপ করল বলে মনে করা হচ্ছে।
ফেডারেশনের একতরফা শাস্তির পর মোহনবাগান সমর্থকদের মধ্যে ক্ষোভ ছিল তুঙ্গে। এই পরিস্থিতিতে ফ্রিতে টিকিটের ঘোষণাকে বাগান সমর্থকরা ক্লাবের জয় হিসাবেই দেখছেন। তাঁদের মতে, যেখানে আইএসএল-এর দর্শকসংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে প্রিয় দলকে সমর্থন জানাতে বিনামূল্যে গ্যালারি ভরিয়ে দেওয়াই হবে ফেডারেশনের সিদ্ধান্তের মোক্ষম জবাব।
সব মিলিয়ে ৬ তারিখের ম্যাচকে ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তিলোত্তমায়। যুবভারতীর গ্যালারি কি তবে ফের একবার সবুজ-মেরুন রঙে রঙিন হতে চলেছে? উত্তর দেবে সময়।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন