পটনা: বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হল। জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতিতে পদার্পণ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার। রবিবার পটনায় জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর সদর দফতরে গিয়ে তিনি দলের সদস্যপদ গ্রহণ করেন। নিশান্তের এই রাজনৈতিক অভিষেককে কেন্দ্র করে জেডিইউ কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে।
রবিবার সকালে পটনার জেডিইউ কার্যালয়ে নিশান্ত কুমারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দলের জাতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা, কেন্দ্রীয় মন্ত্রী ললন সিং এবং বিহারের মন্ত্রী বিজয় কুমার চৌধরিসহ শীর্ষ নেতানেত্রীরা। যদিও নীতীশ কুমার নিজে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
দলের একটি সূত্র দাবি করেছে, নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলে যে নতুন সরকার গঠিত হবে, সেখানে নিশান্তকে উপমুখ্যমন্ত্রী (ডেপুটি সিএম) করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সদস্যপদ গ্রহণের পর নিশান্ত বলেন, "গত ২০ বছরে বাবা বিহার ও দেশের জন্য যা করেছেন, তাতে আমি গর্বিত। আপনারা আমার ওপর যে ভরসা রেখেছেন। তার মর্যাদা রাখার চেষ্টা করব।"
৭৫ বছর বয়সী নীতীশ কুমার ইতিপূর্বেই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ১৬ মার্চ বিহারের পাঁচটি আসনে ভোট হওয়ার কথা। রাজ্যসভায় যাওয়ার পর তিনি স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। জেডিইউ বিধায়ক হরিনারায়ণ সিংয়ের দাবি অনুযায়ী, আগামী ১০ এপ্রিলের পর নীতীশ কুমার পদত্যাগ করতে পারেন এবং নিশান্ত কুমার বিধান পরিষদের (MLC) সদস্য হিসেবে নির্বাচিত হয়ে প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
প্রসঙ্গত, রাজনীতিতে নতুন হলেও নিশান্ত একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হিসাবে পরিচিত। বাবার মতো তিনিও পেশায় একজন ইঞ্জিনিয়ার। রাঁচির বিআইটি মেসরা (BIT Mesra) থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক নিশান্ত দীর্ঘকাল প্রচারের আড়ালে ছিলেন। তবে, ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকেই দলের শীর্ষ নেতারা তাঁকে সক্রিয় রাজনীতিতে আসার জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন। শান্ত ও বিনয়ী স্বভাবের নিশান্তকে দলের ভবিষ্যৎ ‘যুব নেতা’ হিসেবে দেখছেন কর্মীরা।
নীতীশ কুমারের মনোনয়ন জমা দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি এনডিএ জোটের মজবুত সম্পর্কের ইঙ্গিত দিয়েছে। তবে, ঘরের ছেলে নিশান্তের এই এন্ট্রি বিহারে জেডিইউ-র সাংগঠনিক শক্তি কতটা বৃদ্ধি করে, এখন সেটাই দেখার।
বিষয় : BIHAR

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন