কলকাতা: রাজ্যে পা রাখতেই নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া অর্থাৎ কালীঘাটে পুজো দিতে গিয়ে একদল বিক্ষোভকারীর রোষের মুখে পড়েন তিনি। তাঁকে লক্ষ্য করে দেখানো হয় কালো পতাকা, ওঠে ‘গো ব্যাক’ স্লোগান।
নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বর্তমানে তিন দিনের রাজ্য সফরে রয়েছে। সোমবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার। কিন্তু সেখানে পৌঁছনোর আগে থেকেই বিক্ষোভকারীরা ভিড় জমিয়েছিলেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর (SIR)-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এই বঞ্চনার প্রতিবাদেই কমিশনের বিরুদ্ধে স্লোগান তোলা হয়।
প্রবল বিক্ষোভের মধ্যেই মন্দিরে প্রবেশ করেন তিনি। তবে পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো রাজনৈতিক মন্তব্য বা বিক্ষোভ নিয়ে কোনো কথা বলেননি জ্ঞানেশ কুমার। তিনি শুধু বলেন—
‘‘পশ্চিমবঙ্গের সকল ভাইবোনকে আমার নমস্কার। কালী মা সকলকে ভাল রাখুন।’’
শুধু কালীঘাট নয়, রবিবার রাতে বিমানবন্দর থেকে নিউটাউনের হোটেলে যাওয়ার পথেও জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়। তৃণমূল এবং বাম কর্মী-সমর্থকরা পৃথকভাবে এই বিক্ষোভ দেখান। বামেদের তরফ থেকে ‘নো ভোটার্স, নো ভোট’ স্লোগানও তোলা হয়েছে।
সোমবার সকাল থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকে বসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এরপর রাজ্যের মুখ্যসচিব, পুলিশপ্রধান এবং জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন জ্ঞানেশ কুমার, সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। কালীঘাটের পর তাঁদের বেলুড় মঠেও যাওয়ার কথা রয়েছে।
ভোটের দামামা বাজার আগেই নির্বাচন কমিশনারকে ঘিরে এই বিক্ষোভ রাজ্যের রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন