কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সফরে এসে ফের বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার সময় এবং সেখান থেকে বেরোনোর সময় তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেন একদল বিক্ষোভকারী।
সূত্রের খবর, জ্ঞানেশ কুমারের গাড়ির কনভয় যখন দক্ষিণেশ্বর মন্দিরের গেটের দিকে যাচ্ছিল, তখন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ কালো পতাকা দেখাতে শুরু করেন। পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে। যদিও এই বিক্ষোভে বিশেষ কর্ণপাত করেননি মুখ্য নির্বাচন কমিশনার।
এই প্রথম নয়, এর আগেও সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়েছিল এবং ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। ফলে পরপর দু’দিন কলকাতার দুই গুরুত্বপূর্ণ মন্দির চত্বরে বিক্ষোভের মুখে পড়লেন তিনি।
প্রসঙ্গত, রবিবার রাতেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় পৌঁছেছে। এই দলে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছাড়াও নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করতেই তাদের এই সফর।
এদিকে নির্বাচন কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে যে, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই প্রসঙ্গে জ্ঞানেশ কুমার জানিয়েছেন,
“ভারতে আইন মেনেই নির্বাচন পরিচালিত হয়। পশ্চিমবঙ্গেও অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা হবে।”
সূত্রের খবর, এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আগের তুলনায় কম দফায় হতে পারে। সম্ভাবনা রয়েছে ৩ থেকে ৪ দফায় ভোট হওয়ার। দুই দিনের সফর শেষে দিল্লি ফিরে ১২ মার্চের মধ্যেই ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। একই সঙ্গে কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমের নির্বাচন সূচিও ঘোষণা করা হতে পারে বলে সূত্রের দাবি।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন