কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তার মধ্যেই রাজ্য সফরে এসে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার কালীঘাটে পুজো দেওয়ার পর মঙ্গলবার সকালে তিনি যান দক্ষিণেশ্বর মন্দির এবং পরে বেলুড় মঠে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে এবার হিংসামুক্ত ও চাপমুক্ত নির্বাচন করাতে কমিশন বদ্ধপরিকর।
জ্ঞানেশ কুমার বাংলার ভোটারদের উদ্দেশে বলেন, “পূজনীয় শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দজির তপোভূমিতে এসে রাজ্যের ভাই-বোনেদের জানাতে চাই, পশ্চিমবঙ্গের ভোট শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তবে ভোটের দিনক্ষণ কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি। কেবল জানান, নির্বাচনের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর থাকবে নির্বাচন কমিশনের।
‘জিরো টলারেন্স’ নীতি কমিশনের
নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে ভোটে হিংসা বা আইনশৃঙ্খলার অবনতির ক্ষেত্রে কোনও রকম ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথা জানিয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, এই নীতি বাস্তবে কতটা কার্যকর হবে।
বেলুড় মঠে প্রার্থনা, প্রশাসনের সঙ্গে বৈঠক
মঙ্গলবার সকাল ৭টা নাগাদ জ্ঞানেশ কুমার বেলুড় মঠে পৌঁছান। সেখানে মূল মন্দির দর্শনের পাশাপাশি মঠের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ-এর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ৪৫ মিনিট বেলুড় মঠে কাটান তিনি।
এরপর তাঁর কর্মসূচিতে রয়েছে রাজ্যের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এর মধ্যে রয়েছে— রাজ্যের CEO, CAPF-এর নোডাল অফিসার, রাজ্যের মুখ্যসচিবসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এই বৈঠকগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
কালো পতাকা, ‘গো ব্যাক’ স্লোগান
এদিন দক্ষিণেশ্বর স্কাইওয়াকের নীচে কিছু বিক্ষোভকারী কালো পতাকা নিয়ে জড়ো হন। জ্ঞানেশ কুমার পৌঁছতেই তারা ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। যদিও পুলিশ দ্রুত ব্যারিকেড করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিকেলে বড় ঘোষণা?
সবশেষে BLO-দের সঙ্গে বৈঠক শেষে বিকেলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সাংবাদিক বৈঠক করবে। রাজনৈতিক মহলের ধারণা, সেই বৈঠকেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন