কলকাতা: বিধানসভা নির্বাচনের পারদ সপ্তমে চড়িয়ে প্রথম দফায় ১৪৪টি আসনের জন্য প্রার্থীতালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। আর, এই তালিকায় সবচেয়ে বড় চমক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবারের মতো নন্দীগ্রাম আসন থেকে তিনি তো লড়ছেনই।
পাশাপাশি, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। অর্থাৎ, ২০২৬-এর নির্বাচনেও রাজ্য রাজনীতিতে 'মমতা বনাম শুভেন্দু' দ্বৈরথই প্রধান আকর্ষণ হতে চলেছে। কারণ, ভবানীপুরে তৃণমূলের টিকিটে মমতার লড়াই একপ্রকার পাকা বলেই ধরা হচ্ছে।
বিজেপির প্রথম দফার এই তালিকায় চেনা মুখের আধিক্য লক্ষ্য করা গিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হল - শুভেন্দু অধিকারী: নন্দীগ্রাম এবং ভবানীপুর (দুই কেন্দ্র), দিলীপ ঘোষ: খড়্গপুর সদর, স্বপন দাশগুপ্ত: রাসবিহারী, রুদ্রনীল ঘোষ: শিবপুর (হাওড়া), সজল ঘোষ: বরাহনগর, অগ্নিমিত্রা পাল: আসানসোল দক্ষিণ, চন্দনা বাউড়ি: শালতোড়া (বাঁকুড়া), শিখা চট্টোপাধ্যায়: ডাবগ্রাম-ফুলবাড়ি।
বিজেপি সূত্রে খবর ছিল যে অধিকাংশ বর্তমান বিধায়কই টিকিট পাবেন। এবং প্রথম তালিকায় তার প্রতিফলনও দেখা যাচ্ছে। তবে, বড় চমক হিসাবে বাদ পড়েছেন বালুরঘাটের বর্তমান বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। তাঁর পরিবর্তে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায়কে।
শুভেন্দু অধিকারীর দুই কেন্দ্রে লড়ার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন তিনি নিজের গড় নন্দীগ্রাম রক্ষা করতে চান, তেমনই ভবানীপুরে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে চাইছেন। অন্যদিকে, দিলীপ ঘোষের পুরনো কেন্দ্রে প্রত্যাবর্তন এবং সজল ঘোষ বা রুদ্রনীল ঘোষের মতো বাগ্মী নেতাদের প্রার্থী করা ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি এবার কলকাতা ও সন্নিকটস্থ আসনগুলিতে জোরদার লড়াই দিতে মরিয়া।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন