রাজগঞ্জ: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হতেই জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভায় আছড়ে পড়ল বিক্ষোভের ঢেউ। দীর্ঘদিনের বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায়ের নাম বাদ পড়তেই রণক্ষেত্রের চেহারা নিল স্থানীয় রাজনীতি। ক্ষোভে ফেটে পড়ে দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন খগেশ্বর রায়। তাঁর অনুগামীরাও গণ-পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সৌজন্যের খাতিরে বর্ষীয়ান নেতার আশীর্বাদ নিতে তাঁর বাড়িতে পৌঁছে গেলেন ঘাসফুল শিবিরের নতুন বাজি, এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন।
২০০৯ সাল থেকে টানা চারবার রাজগঞ্জ থেকে জয়ী হয়ে আসছেন খগেশ্বর রায়। উত্তরবঙ্গের বাম দুর্গে প্রথম ফাটল ধরানো এই নেতা এবারও টিকিট পাবেন বলে নিশ্চিত ছিলেন তাঁর সমর্থকরা। কিন্তু প্রার্থী তালিকায় নিজের নাম না দেখে ভেঙে পড়েন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, "দলের থেকে এই আঘাত প্রত্যাশা করিনি। টাকার কাছে হেরে গেলাম।" খগেশ্বর রায়ের ক্ষোভের রেশ ধরে রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় সহ একাধিক শাখা সংগঠনের নেতারাও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, রাজনীতিতে নবাগত স্বপ্না বর্মন প্রথম দিকে কিছুটা রক্ষণাত্মক থাকলেও পরিস্থিতি সামলাতে সশরীরে হাজির হন বিদায়ী বিধায়কের কাছে। শুরুতে স্বপ্না জানিয়েছিলেন, "দিদি যা সিদ্ধান্ত নিয়েছেন তা-ই হবে, এ নিয়ে আমার কিছু বলার নেই।" কিন্তু প্রচারের ময়দানে নামার আগে দলের অন্দরের ক্ষোভ প্রশমিত করতে তিনি খগেশ্বর রায়ের সঙ্গে দেখা করেন।
সাক্ষাৎ শেষে কিছুটা সুর নরম করেছেন খগেশ্বর রায়ও। তিনি জানান, টিকিট কাকে দেওয়া হবে সেটা দলের ব্যক্তিগত সিদ্ধান্ত। স্বপ্না তাঁর কাছে এসেছিলেন এবং তাঁদের মধ্যে কথা হয়েছে। নবাগত প্রার্থীর নতুন জীবনের সাফল্যও কামনা করেছেন তিনি। তবে এই সৌজন্য সাক্ষাৎ রাজগঞ্জের ক্ষুব্ধ কর্মীদের মন কতটা ভোলাতে পারবে, এখন সেটাই দেখার।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন