নয়াদিল্লি: ২০২৬-এর মেগা লড়াইয়ে বাংলায় প্রার্থিতালিকা চূড়ান্ত করতে কোমর বেঁধে নামল বিজেপি নেতৃত্ব। প্রথম দু’দফায় অধিকাংশ আসনের নাম ঘোষণা হলেও, বাকি ৩৯টি আসনে পদ্ম-প্রার্থী কারা হবেন, তা ঠিক করতে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে জে পি নাড্ডার বাসভবনে হাই-ভোল্টেজ বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই লক্ষ্যেই শনিবার দিল্লি পৌঁছেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
ইতিমধ্যেই প্রকাশিত তালিকায় বেশ কিছু আসনে রদবদল এবং নতুন মুখ আসায় নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তৃণমূলের মতো বিজেপিও অনেক আসনে প্রার্থী বদলেছে। যা নিয়ে দলের অন্দরেই চাপানউতোর চলছে। সূত্রের খবর, এই কর্মী অসন্তোষ যাতে ভোটের বাক্সে প্রভাব না ফেলে, তা নিশ্চিত করাই এখন কেন্দ্রীয় নেতৃত্বের প্রধান লক্ষ্য।
রবিবারের মূল বৈঠকের আগে শমীক ভট্টাচার্য আরএসএস নেতৃত্ব এবং বাংলার দায়িত্বে থাকা ভূপেন্দ্র যাদব ও অমিত মালব্যর সঙ্গে একপ্রস্থ আলোচনা সারবেন। জানা গিয়েছে, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বুথ ও মণ্ডলস্তরের কর্মীদের মতামত নেওয়া হবে। কেন্দ্রীয় সমীক্ষকদের পাঠানো গোপন বা অভ্যন্তরীণ রিপোর্ট খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট বা প্রস্তাবি প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনাও যাচাই করা হবে। এবং এই তিন বিষয়কেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।
রাজ্যে এবার দু’দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। যার মধ্যে প্রথম দফা অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হবে ২৯ এপ্রিল। আর, ফল ঘোষণা করা হবে ৪ মে।
রাজনৈতিক মহলের মতে, অনেক আসনেই এবার কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দই শেষ কথা হিসাবে গৃহীত হয়েছে। প্রথম দফায় ১৪২ জন এবং দ্বিতীয় দফায় ১৩৯ জনের নাম প্রকাশের পর, বাকি ৩৯ আসনে কোনও বড় চমক থাকে কিনা, এখন সেটাই দেখার। রবিবার রাতের মধ্যেই এই চূড়ান্ত তালিকা সিলমোহর পেতে পারে বলে বিজেপি সূত্রের খবর।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন