বাংলার মসনদ দখলের লড়াইয়ে এবার ‘পাখির চোখ’ ভবানীপুর। বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে গিয়ে বিজেপি নেতৃত্ব শুরুতেই চূড়ান্ত করে ফেলেছে প্রধানমন্ত্রীর প্রচারসূচির শেষ ধাপটি। দলীয় সূত্রে খবর, দ্বিতীয় দফার ভোটের আগে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্তিম রোড শো-টি ছুঁয়ে যাবে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরকে।
আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। প্রচারের তুঙ্গে থাকা ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যেই কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। ইন্টারেস্টিং বিষয় হলো, রুট ম্যাপ পুরোপুরি চূড়ান্ত না হলেও একটি বিষয় নিশ্চিত— মোদীর এই পদযাত্রা ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করেই আবর্তিত হবে। শুরু অথবা শেষ, যেভাবেই হোক ভবানীপুরের মাটি স্পর্শ করবেন মোদী, যাতে ভোটের ঠিক আগে ‘মোদী ম্যাজিক’-এর ছায়া এই হাই-প্রোফাইল কেন্দ্রে আরও গাঢ় হয়।
২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন শুভেন্দুর গড় নন্দীগ্রামে লড়াই করতে। ২০২৬-এ ঠিক উল্টো ছবি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতার ঘরের মাঠ ভবানীপুরে। ১৬ মার্চ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই এই মেগা ফাইট ঘিরে উত্তেজনা চরমে। শুভেন্দু ইতিমধ্যেই ভবানীপুরের অলিগলিতে প্রচার শুরু করে দিয়েছেন, মুখোমুখি হয়েছেন তৃণমূলের বিক্ষোভের। অন্যদিকে, রবিবার থেকে সরাসরি ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
রাজনৈতিক মহলের মতে, শুধু মমতা বা শুভেন্দু নন, পরোক্ষভাবে প্রধানমন্ত্রী মোদীও এবার ভবানীপুরের নির্বাচনী যুদ্ধে শামিল হচ্ছেন। একদিনের জন্য সশরীরে উপস্থিত থাকলেও, তাঁর এই রোড শো-কে আগেভাগেই প্রচারের হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও এসপিজি-র ছাড়পত্র পাওয়ার পর চূড়ান্ত রুট ম্যাপ সামনে আসবে, তবে ভবানীপুর যে এই প্রচারের মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার।
একদিকে ঘরের মেয়ে মমতা, অন্যদিকে চ্যালেঞ্জার শুভেন্দু— আর তাঁদের মাঝে প্রধানমন্ত্রীর মেগা রোড শো; সব মিলিয়ে ভবানীপুরের অলিগলি এবার এক নজিরবিহীন রাজনৈতিক দ্বৈরথের সাক্ষী হতে চলেছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন