ওয়াশিংটন: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর চালানো বর্বরোচিত হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ (Genocide) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে সরব হলো মার্কিন কংগ্রেস। শুক্রবার আমেরিকার সংসদের নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে’ এই সংক্রান্ত একটি ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন করেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান।
ওহাইয়ো থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা তাঁর প্রস্তাবে স্পষ্ট জানিয়েছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ শুরু হওয়া ‘অপারেশন সার্চলাইট’-এর সময় পাকিস্তানি সামরিক বাহিনী এবং তাদের ইসলামপন্থী সহযোগীরা যে নৃশংসতা চালিয়েছিল, তা জাতিপুঞ্জের সংজ্ঞা অনুযায়ী স্পষ্টতই একটি ‘গণহত্যা’। সেই সময় জাতিগত বাঙালি এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নির্মূল করার যে চেষ্টা চালানো হয়েছিল, তাকে গণহত্যার তকমা দেওয়া উচিত। এই হত্যাযজ্ঞে সহায়তাকারী হিসেবে জামায়াতে ইসলামীকে বিচারের মুখোমুখি করার এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে।
কংগ্রেসম্যান ল্যান্ডসম্যানের মতে, আমেরিকার অনেক আগেই এই অভিযানকে গণহত্যার স্বীকৃতি দেওয়া উচিত ছিল। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি ক্যাপিটল হিলে ‘হিন্দু অ্যাকশন’ নামক একটি সংস্থার উদ্যোগে আয়োজিত এক শুনানিতে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি এবং একাত্তরের গণহত্যার প্রসঙ্গটি জোরালোভাবে উঠে আসে। সেই আলোচনার সূত্র ধরেই নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দীলিপ নাথ এই নতুন প্রস্তাবের বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, মার্কিন কংগ্রেসে এই প্রস্তাব পাস হলে তা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক বিশাল নৈতিক জয় হবে। পাকিস্তান সেনাবাহিনীর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ার পাশাপাশি একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াও বিশ্বমঞ্চে নতুন মাত্রা পাবে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন