কলকাতা: পরিবর্তন যাত্রা এবং ব্রিগেড সমাবেশের পর এবার তৃতীয় বড় কর্মসূচি হিসাবে নির্বাচনী ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করতে চলেছে বঙ্গ বিজেপি। আর, এই কর্মসূচির গুরুত্ব বাড়াতে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতায় নিয়ে আসার তোড়জোড় শুরু হয়েছে! প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ মার্চ অমিত শাহের হাত দিয়েই আনুষ্ঠানিকভাবে এই সঙ্কল্পপত্র উন্মোচন করা হতে পারে।
বিজেপি নেতৃত্ব মনে করছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করালে তার রাজনৈতিক ‘ওজন’ বহুগুণ বেড়ে যায়। গত ২ মার্চ রায়দিঘির জনসভা থেকে শাহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার মধ্যে ছিল ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা, ছ-মাসের মধ্যে শূন্যপদে নিয়োগ এবং সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড়। এই ঘোষণাগুলি নিয়ে ইতিবাচক চর্চা শুরু হওয়ায় বিজেপি পুরো ইস্তাহারটিই শাহের উপস্থিতিতে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।
বিজেপির সঙ্কল্পপত্র কমিটির চেয়ারম্যান তাপস রায়ের তত্ত্বাবধানে গত কয়েক মাস ধরে রাজ্যের প্রতিটি জেলা থেকে জনসাধারণের পরামর্শ সংগ্রহ করা হয়েছে। ইস্তাহারে মূলত যে বিষয়গুলি প্রাধান্য পেতে পারে, তা হল -
আর্থিক সুরক্ষা: তৃণমূলের ‘লক্ষ্মীর ভান্ডার’-এর পাল্টা বিজেপির ‘অন্নপূর্ণা ভান্ডার’ নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা।
কর্মসংস্থান ও বিনিয়োগ: রাজ্যে বড় শিল্পায়ন, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ।
কেন্দ্রীয় প্রকল্প: আয়ুষ্মান ভারত-সহ যেসমস্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু হয়নি, সেগুলি দ্রুত কার্যকর করার প্রতিশ্রুতি।
সরকারি কর্মীদের সুবিধা: বকেয়া ডিএ এবং বেতন কাঠামো নিয়ে বড় চমক।
তৃণমূলের প্রকাশিত ইস্তাহারকে ‘ভাঁওতা’ বলে কটাক্ষ করেছেন তাপস রায়। তাঁর দাবি, ২০১১ সাল থেকে তৃণমূল একই প্রতিশ্রুতি বারবার লিখে চলেছে। উল্টোদিকে, বিজেপি মানুষের বাড়ি বাড়ি গিয়ে এবং ‘ড্রপবক্স’-এর মাধ্যমে নেওয়া পরামর্শের ভিত্তিতেই এই ইস্তাহার সাজিয়েছে। বিজেপি সূত্রের খবর, আগমী ২৭ ও ২৮ মার্চ অমিত শাহ পশ্চিমবঙ্গে থাকতে পারেন। যদিও তাঁর চূড়ান্ত সফরসূচি এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়নি। তবে, রাজ্য নেতৃত্ব এই মেগা ইভেন্টের প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন