জলপাইগুড়ি: লোকসভা নির্বাচনের মুখে বড়সড় আইনি গেরোয় ফেঁসে গেলেন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মণ। রেলের চাকরি থেকে দেওয়া তাঁর ইস্তফাপত্র গ্রহণ না করায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হতে হলো তাঁকে।
নিয়ম অনুযায়ী, রেলের চাকরিতে থাকাকালীন কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া বা প্রচার করা নিষিদ্ধ। অভিযোগ, স্বপ্না বর্মণ ইস্তফা না দিয়েই গত ২৭ ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেন। এই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ৯ মার্চ তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে রেল দফতর। এরপর গত ১৬ মার্চ স্বপ্না ইস্তফাপত্র জমা দিলেও, তদন্ত চলায় রেল তা গ্রহণ করতে অস্বীকার করে।
মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে এই মামলার শুনানি হয়। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বপ্না বর্মণ যদি নিজের দোষ স্বীকার করেন এবং রেলের থেকে অবসরকালীন কোনো সুযোগ-সুবিধা দাবি না করেন, তবেই তাঁকে ছাড়পত্র দেওয়া সম্ভব। ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার জানিয়েছেন, আদালত মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে স্বপ্নাকে তাঁর অবস্থান স্পষ্ট করতে বলেছিল।
মনোনয়ন জমা দেওয়ার আগে রেলের এই 'নো অবজেকশন' বা ইস্তফার স্বীকৃতি স্বপ্নার জন্য অত্যন্ত জরুরি। শুক্রবার, ২৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। সেদিনই পরিষ্কার হবে অর্জুন পুরস্কার জয়ী এই অ্যাথলিট রাজগঞ্জের নির্বাচনী ময়দানে শেষ পর্যন্ত নামতে পারবেন কি না। আপাতত তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে চরম অনিশ্চয়তা বজায় রইল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন