ভগবানপুর: মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেই বড়সড় বিপাকে পড়লেন ভগবানপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানব পড়ুয়া। একাদিকে যখন জয়ের লক্ষ্য নিয়ে তিনি মনোনয়ন দাখিল করছেন, ঠিক তখনই তাঁর হাতে এসে পৌঁছল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র নোটিস! ২০২২ সালের ভূপতিনগরের নাড়ুয়াভিলা বোমা বিস্ফোরণ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। ভোটের মুখে এই ঘটনায় ভগবানপুরজুড়ে এখন জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
২০২২ সালের ২ ডিসেম্বর ভূপতিনগরের নাড়ুয়াভিলা গ্রামে তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় উড়ে গিয়েছিল আস্ত বাড়িটি এবং মৃত্যু হয়েছিল বুথ সভাপতি রাজকুমার মান্না-সহ তিনজনের। অভিযোগ ওঠে, তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধার সময়ই এই দুর্ঘটনা ঘটে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। সেই তদন্তের সূত্রে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা এবারের বিধানসভা ভোটের প্রার্থী মানব পড়ুয়াকে এর আগেও নোটিস পাঠানো হয়েছিল এবং তাঁর বাড়িতেও অভিয়ান চালিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
মনোনয়ন জমা দিতে এসে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানব পড়ুয়া জানান, তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তাঁর কথায়, "এর আগেও এনআইএ-র ডাক পেয়েছি। আগামিকাল আমি ফের কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হব।" তবে এই গোটা প্রক্রিয়াকে তিনি ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসাবেই দেখছেন। তাঁর দাবি, নির্বাচনের ঠিক মুখেই তাঁকে হেনস্থা করার পরিকল্পনা করা হয়েছে।
উল্লেখ্য, এই মামলার তদন্তে নেমে এর আগে ভূপতিনগরে অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীর বিক্ষোভ ও হেনস্থার মুখে পড়তে হয়েছিল এনআইএ প্রতিনিধিদের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি প্রার্থীর কাছে নোটিস পাঠানোয় চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা একে 'আইনের শাসন' বললেও, শাসক শিবিরের দাবি - বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূল প্রার্থীদের মনোবল ভাঙার চেষ্টা করছে।
বিষয় : TMC West Bengal Election 2026 NIA

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন