মালদহ: বাংলার আরও এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক পরিণতি হল রাজস্থানে। মালদহের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা শেখ সাহানকে (৩৫) নৃশংসভাবে কুপিয়ে এবং অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল জয়পুরে! একটি মন্দিরের কাছ থেকে উদ্ধার হয়েছে তাঁর বস্তাবন্দি রক্তাক্ত ও ঝলসানো দেহ। এই ঘটনায় ফের একবার ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।
মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের খোকড়া গ্রামের বাসিন্দা শেখ সাহান গত পাঁচ বছর ধরে রাজস্থানে পরিবার নিয়ে থাকতেন। পেশায় ছিলেন প্লাস্টিক সংগ্রাহক। দেড় মাস আগে মালদহের গ্রাম থেকে ফের জয়পুরে কাজে যান তিনি। সামনেই ভোট, তাই বাড়ি ফেরার পরিকল্পনা ছিল তাঁর।
পরিবার সূত্রে খবর, গত বুধবার সন্ধ্যায় ট্রেনের টিকিট কাটার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সাহান। কিন্তু, রাত পেরিয়ে গেলেও তিনি ফেরেননি। বৃহস্পতিবার বিকেলে জয়পুরের নির্ভয়া থানার রাধিকা ফটক এলাকার একটি মন্দিরের কাছে সন্দেহভাজন একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে বস্তাটি উদ্ধার করলে দেখা যায়, তার ভিতরে পড়ে রয়েছে সাহানের ক্ষতবিক্ষত এবং ঝলসানো দেহ!
মৃতের বাবা নফিজুল হক কান্নায় ভেঙে পড়ে জানান, তাঁর ছেলেকে চরম নৃশংসভাবে খুন করা হয়েছে। অভিযোগ, দুষ্কৃতীরা সাহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং তাঁকে যাতে চেনা না যায়, তা নিশ্চিত করতে দেহে অ্যাসিড ঢেলে দেয়। নফিজুল বলেন, "খবর পেলাম ওকে কেটে টুকরো করে বস্তায় ভরে ফেলে রাখা হয়েছে। ভোট দিতে বাড়ি আসার কথা ছিল ওর।"
সাহানের বাড়িতে তাঁর স্ত্রী এবং দুই নাবালক সন্তান রয়েছে। এই দরিদ্র পরিবারের উপার্জনের একমাত্র ভরসা ছিলেন সাহান। তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। দেহটি রাজস্থান থেকে কীভাবে মালদহে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি।
খবর পেয়েই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান হরিশ্চন্দ্রপুরের সিপিআই(এম) প্রার্থী শেখ খলিল। তিনি পরিবারের সদস্যদের আশ্বাস দেন যে রাজস্থান প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
মালদহের পরিযায়ী শ্রমিকদের কাছে এই ঘটনা আফরাজুল হত্যাকাণ্ডের স্মৃতি উসকে দিয়েছে। এর আগে আফরাজুল নামে এক শ্রমিককে রাজস্থানেই জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসেও মধ্যপ্রদেশে মালদহের সৈয়দ শেখ নামে এক কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়। বারবার কেন বাংলার শ্রমিকদেরই নিশানা করা হচ্ছে, তা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মনে।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন