ঢাকা: বিশ্বজুড়ে ঘনীভূত হওয়া জ্বালানি সঙ্কট ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে ইরানি হুঁশিয়ারিতে কার্যত বন্ধের মুখে হরমুজ প্রণালী! যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জনজীবনে। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার একগুচ্ছ কড়া বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ মন্ত্রিসভা। এখন থেকে বিয়েবাড়ির আলো ঝলমলে জৌলুস হোক কিংবা শপিং মলের রোশনাই - সব কিছুতেই রাশ টানছে প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি অফিসের কাজের সময় ১ ঘণ্টা কমিয়ে দেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ অফিসগুলি সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত (৭ ঘণ্টা) খোলা থাকবে। ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি সকাল ৯টা থেকে বেলা ৩টে পর্যন্ত খোলা থাকবে। তাছাড়া, জ্বালানি সাশ্রয় করতে শুধুমাত্র অফিস নয়, দেশের সমস্ত শপিং কমপ্লেক্স, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং দোকানপাট প্রতিদিন সন্ধে ৬টার মধ্যে বন্ধ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
সবচেয়ে বড় চমক এসেছে সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে। নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী, বিয়েবাড়ি বা যেকোনও ধরনের সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ, জাঁকজমকপূর্ণ আলোর রোশনাই ছাড়াই এখন থেকে সারতে হবে সামাজিক অনুষ্ঠান।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, জ্বালানি সঙ্কটের পাশাপাশি দেশের রাজকোষের উপর চাপ কমাতে আরও কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন - আগামী তিনমাস কোনও নতুন সরকারি যানবাহন কেনা যাবে না। সরকারি খরচে বিদেশ ভ্রমণ বা প্রশিক্ষণে যাওয়া আপাতত স্থগিত থাকবে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বাংলাদেশে জ্বালানির হাহাকার চলছে। পরিস্থিতি সামাল দিতে ভারতের কাছে সাহায্য চেয়েছিল ঢাকা। সম্প্রতি ভারত থেকে ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠানো হলেও সঙ্কটের মেঘ পুরোপুরি কাটেনি। ইরান যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় দেশ বাঁচাতে তাই কার্যত 'এমার্জেন্সি' মোডে হাঁটছে তারেক সরকার।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন