মালদা: মালদার মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে। একদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন, অন্যদিকে তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পাল্টা কড়া বার্তা দিয়েছেন।
মোথাবাড়ির ঘটনাকে কেন্দ্র করে দিলীপ ঘোষের অভিযোগ, “পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। রাষ্ট্রবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে। বিচারকরাও আজ নিরাপদ নন। এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা স্পষ্ট।” তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরেই রাজ্যে আইনের শাসন প্রশ্নের মুখে।
এর পাল্টা জবাব দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, “কমিশন দিয়ে অ্যাকশন নিতে দিন। মানুষই বিজেপির বিরুদ্ধে অ্যাকশন নেবে। নির্বাচন কমিশন এখন বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে—এই ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে।”
ঘটনার সূত্রপাত SIR (Special Intensive Revision) তালিকায় নাম না থাকা নিয়ে ক্ষোভকে কেন্দ্র করে। অভিযোগ, সেই ক্ষোভ থেকেই বিক্ষোভকারীরা বিডিও অফিসে ঢুকে বিচারকদের ঘিরে ফেলে এবং হামলা চালায়। ঘটনায় তিন জন মহিলা-সহ মোট সাত জন বিচারক দীর্ঘক্ষণ আটকে পড়েন। পরে তাঁদের উদ্ধার করা হলেও ফেরার পথে হামলার মুখে পড়তে হয় বলে অভিযোগ।
ইতিমধ্যেই এই ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মোফ্ফাকারুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে CID। বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। তাঁর এক সঙ্গীকেও হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্তভার নিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। কেন্দ্রীয় এই সংস্থা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং একাধিক দিক খতিয়ে দেখছে।
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি উস্কানির অভিযোগ তুলেছেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এই ঘটনায় বাংলার বদনাম হয়েছে। আইনশৃঙ্খলার বিষয়টি বর্তমানে আমার হাতে নেই।”
মোথাবাড়ি কাণ্ডকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপ ক্রমশ বাড়ছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে প্রশাসন ও রাজনৈতিক মহল—এখন দেখার, রিপোর্টের ভিত্তিতে কী পদক্ষেপ করা হয়।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন