কোচবিহার: ভোটের মুখে প্রচার সেরে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন শীতলকুচি বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি নয়ানজুলিতে উল্টে যায়। এই ঘটনায় প্রার্থী ও তাঁর গাড়িচালক দুজনেই গুরুতর আহত হয়েছেন। ঘটনার নেপথ্যে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে গেরুয়া শিবির।
রাত তখন প্রায় ১২টা। মাথাভাঙ্গা-১ ব্লকের শিকারপুর পাঁচমাইল সংলগ্ন এলাকায় দলীয় প্রচার শেষ করে বাড়ি ফিরছিলেন বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। প্রত্যক্ষদর্শী ও দলীয় কর্মীদের দাবি, উল্টো দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎই প্রার্থীর গাড়ির সামনে চলে আসে। ট্রাকটিকে পাশ কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারান সাবিত্রীর গাড়ির চালক। মুহূর্তের মধ্যে গাড়িটি রাজ্য সড়ক থেকে ছিটকে গিয়ে পাশের একটি নয়ানজুলিতে পড়ে যায়।
বিজেপি নেতা গৌতম সরকারের বিস্ফোরক দাবি, "এটি কোনও সাধারণ দুর্ঘটনা নয়। বরং, প্রার্থীকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে! এর পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে।" যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
দুর্ঘটনার শব্দ শুনেই স্থানীয় বিজেপি কর্মীরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তড়িঘড়ি সাবিত্রী বর্মন ও তাঁর চালককে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনেরই মাথায় গুরুতর চোট রয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনাচক্রে, আজই (৫ এপ্রিল, ২০২৬) উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহারের রাসমেলা ময়দানে তাঁর 'বিজয় সঙ্কল্প সভা' করার কথা রয়েছে। মোদীর সফরের ঠিক কয়েক ঘণ্টা আগেই বিজেপি প্রার্থীর এই দুর্ঘটনায় জেলাজুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। দুপুর ২টো নাগাদ সামরিক বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে কোচবিহার পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন