কলকাতা: সকালে অমিত শাহের ‘শাহী’ সংকল্পপত্র প্রকাশ আর বিকেলেই তৃণমূলের তীব্র পালটা আক্রমণ। বিজেপির ইস্তেহারে মহিলাদের জন্য ৩,০০০ টাকা এবং বেকার ভাতার প্রতিশ্রুতিকে স্রেফ 'নকল' বা 'কপি ক্যাট' বলে দেগে দিল রাজ্যের শাসকদল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সাফ কথা, "যাঁকে গালমন্দ করেছেন, আজ তাঁকেই নকল করতে হচ্ছে। বিজেপির লজ্জা থাকা উচিত!"
শুক্রবার বিজেপির সংকল্পপত্র প্রকাশের পরই সাংবাদিক বৈঠকে সরব হন কুণাল ঘোষ। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে একসময় ‘ভিক্ষা’ বলে অপমান করেছিলেন বিজেপি নেতারা। অথচ, আজ ভোট বৈতরণী পার হতে সেই পথেই হাঁটতে হচ্ছে তাঁদের। কুণাল বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কত কুৎসা করেছে এরা, মা-বোনেদের অপমান করেছে।... মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন, বিজেপি তা ভাবে পাঁচবছর পর!... মানুষ ওরিজিনাল ছেড়ে কেন এই নকল বা জেরক্স কপির ওপর ভরসা করবে?"
বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, সেখানে মহিলারা কি আদৌ এইসব সুবিধা পাচ্ছেন? তাঁর দাবি, বিজেপি জানে তারা বাংলায় ক্ষমতায় আসবে না। তাই, বড়-বড় ফাঁপা প্রতিশ্রুতি দেওয়া সহজ। বেকার ভাতা বা ‘যুবসাথী’ প্রকল্প নিয়ে বিজেপির আগের অবস্থানের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নকল করাটাই প্রমাণ করে যে বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচন বিজেপির কাছে যখন ‘ডু অর ডাই’-এর লড়াই, তখন গোষ্ঠীদ্বন্দ্ব ও সংগঠনের দুর্বলতা নিয়ে বারবার বিদ্ধ হয়েছে গেরুয়া শিবির। যদিও এদিন কলকাতায় দাঁড়িয়ে অমিত শাহ দাবি করেছেন, এবার পরিবর্তন নিশ্চিত এবং বাংলার মসনদে বিজেপিই বসছে। যার পালটা দিয়ে তৃণমূলের দাবি, মানুষ এই ‘কপি ক্যাট’ ইস্তেহার প্রত্যাখ্যান করবে এবং ওরিজিনাল মমতা মডেলেই আস্থা রাখবে।
বিষয় : BJP TMC kunalghosh laxmibhandar

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন