কলকাতা: কৃষ্ণনগর উত্তরের লড়াই শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেল ঘাসফুল শিবির। আইনি জটিলতায় বাতিল হয়ে গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন, সেই অভিনবই আর নির্বাচনী ময়দানে থাকতে পারছেন না। শুক্রবার রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
প্রশাসনিক সূত্র অনুযায়ী, অভিনব ভট্টাচার্যের মনোনয়ন বাতিল করা হয়েছে জনপ্রতিনিধিত্ব আইনের ৯-এ ধারায়। কমিশনের পর্যবেক্ষণ বলছে, অভিনব ভট্টাচার্যের সঙ্গে রাজ্য সরকারের সরাসরি ব্যবসায়িক চুক্তি বা ঠিকাদারির সম্পর্ক রয়েছে। নিয়ম অনুযায়ী, সরকারের কোনও কাজের বরাত বা সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। এই ‘ব্যবসায়িক স্বার্থ’ বজায় রেখে মনোনয়ন জমা দেওয়া নির্বাচনী বিধির পরিপন্থী।
গত মঙ্গলবারই শান্তিপুরের সভা থেকে অভিনবকে কৃষ্ণনগর উত্তরের যোগ্য প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, কমিশনের এই কোপে সেই পরিকল্পনা ধাক্কা খেল। এই ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন অভিনব ভট্টাচার্য। তবে তিনি জানিয়েছেন, প্রার্থী হিসাবে থাকতে না পারলেও তিনি দলের পাশেই থাকছেন এবং দল যে নির্দেশ দেবে, তা পালন করবেন।
এমন পরিস্থিতির আশঙ্কা তৃণমূল নেতৃত্ব আগেভাগেই করেছিল বলে মনে করা হচ্ছে। তাই ‘সেফটি ভাল্ভ’ হিসাবে ওই কেন্দ্রে আরও একজনের মনোনয়ন জমা করানো হয়েছিল। এবার, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ হতে চলেছেন সোমনাথ দত্ত। অভিনবের মনোনয়ন বাতিল হওয়ায় এখন সোমনাথই শাসকদলের হয়ে লড়াইয়ে নামছেন। ভোটের কয়েক সপ্তাহ আগে প্রার্থীর এই বদল কৃষ্ণনগরের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন