নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণক্ষেত্র এখন কার্যত দিল্লির রাজনীতির দর্পণে পরিণত হয়েছে। একদিকে যখন ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূল এবং বাংলা দখলে ঝাঁপিয়েছে বিজেপি, তখন এবার পূর্ণ শক্তিতে ময়দানে নামছে জাতীয় কংগ্রেসও। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খোদ রাহুল গান্ধী পা রাখছেন বাংলায়। আগামী ১৪ এপ্রিল, মঙ্গলবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এক বিশাল জনসভার মাধ্যমে প্রচারের সুর বেঁধে দেবেন লোকসভার বিরোধী দলনেতা। কংগ্রেস হাইকম্যান্ডের লক্ষ্য স্পষ্ট— নিজেদের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদে কোনোভাবেই থাবা বসাতে দেওয়া যাবে না অন্য শিবিরকে।
তবে শুধু রাহুল গান্ধীই নন, ১৮ এপ্রিল থেকে বাংলায় কংগ্রেসের প্রচারে কার্যত ‘চাঁদের হাট’ বসতে চলেছে। প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং বিশিষ্ট বক্তা ইমরান প্রতাপগারী— দিল্লির হেভিওয়েট নেতারা দফায় দফায় রাজ্যে এসে ঝিমিয়ে পড়া কর্মী-সমর্থকদের মনে অক্সিজেনের জোগান দেবেন। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদার মতো জেলাগুলিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে রাহুল-প্রিয়াঙ্কার ওপরই ভরসা রাখছে হাত শিবির।
পাল্টা চালে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় গেরুয়া ব্রিগেড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই রাজ্যে এসে প্রচারের পারদ চড়িয়েছেন। প্রথম দফার প্রচারেই শাহের ঝুলিতে রয়েছে ৩০টি জনসভা ও রোড শো। প্রধানমন্ত্রী নিজে করবেন ১১টি মেগা র্যালি। পিছিয়ে নেই ‘ফায়ারব্র্যান্ড’ নেতা যোগী আদিত্যনাথও, তাঁরও লক্ষ্য ১১টি সভা। এছাড়া স্মৃতি ইরানি (১৩টি সভা), হিমন্ত বিশ্বশর্মা ও বিপ্লব দেবের মতো ভিন রাজ্যের হেভিওয়েট মুখ্যমন্ত্রীদেরও বাংলার লড়াইয়ে নামিয়ে দিয়েছে পদ্ম শিবির।
একদিকে মোদী-শাহ-যোগীদের ঝোড়ো ব্যাটিং, অন্যদিকে রাহুল-প্রিয়াঙ্কা-খাড়্গেদের গড় রক্ষার লড়াই— সব মিলিয়ে বাংলার মাটি এখন জাতীয় রাজনীতির মহাযুদ্ধের কেন্দ্রবিন্দু। আগামী মঙ্গলবার সামশেরগঞ্জে রাহুলের সভা থেকে কী বার্তা উঠে আসে এবং তার পাল্টা বিজেপি কী রণকৌশল নেয়, সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রাজনৈতিক মহলের। ছাব্বিশের এই দ্বৈরথে শেষ পর্যন্ত বাংলার মানুষ কার দিকে পাল্লা ভারী করেন, তা নিয়ে তুঙ্গে জল্পনা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন