আগামী ২৩ এপ্রিল বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার রণদামামা বাজতে চলেছে। আর প্রথম দফাতেই অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। নিরাপত্তার খাতিরে এবার মোতায়েন করা হচ্ছে রেকর্ড সংখ্যক ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফায় উত্তরবঙ্গের সবকটি জেলা— দার্জিলিং থেকে মালদহ, এবং দক্ষিণবঙ্গের জঙ্গলমহলসহ বীরভূম, মুর্শিদাবাদ ও মেদিনীপুরে ভোটগ্রহণ হবে। তবে বাহিনী মোতায়েনের নিরিখে সব জেলাকে ছাপিয়ে গিয়েছে মুর্শিদাবাদ। কমিশন এই জেলাকে দুটি পুলিশ জেলায় ভাগ করে মোট ৩১৬ কোম্পানি বাহিনী মোতায়েন করছে, যার মধ্যে একা মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই থাকছে ২৪০ কোম্পানি।
মুর্শিদাবাদের ঠিক পরেই বিশেষ গুরুত্ব পাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর। হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্রের লড়াইকে মাথায় রেখে এই জেলায় ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামাচ্ছে কমিশন। উল্লেখ্য, এবার নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের বাজি সদ্য বিজেপি ত্যাগী পবিত্র কর। মেদিনীপুরের অন্য অংশ অর্থাৎ পশ্চিম মেদিনীপুরেও নিরাপত্তার কোনো খামতি রাখা হচ্ছে না, সেখানে মোতায়েন থাকছে ২৭১ কোম্পানি বাহিনী। এছাড়া জঙ্গলমহলের বাঁকুড়ায় ১৯৩ কোম্পানি এবং অনুব্রতহীন বীরভূমে ১৭৬ কোম্পানি বাহিনী দিয়ে ভোট করানোর পরিকল্পনা নিয়েছে কমিশন।
উত্তরবঙ্গের সীমান্তঘেঁষা জেলাগুলিতেও কড়া নজরদারি থাকছে। মালদহে ১৭২ কোম্পানি এবং কোচবিহারে ১৪৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। উত্তর দিনাজপুর জেলাকে ইসলামপুর ও রায়গঞ্জ— এই দুই পুলিশ জেলায় ভাগ করে মোট ১৩২ কোম্পানি বাহিনী নামানো হচ্ছে। পাশাপাশি শিলিগুড়ি ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতেও থাকছে বিশাল বাহিনী। আগামী সোমবারের মধ্যে সমস্ত কোম্পানিকে নির্দিষ্ট এলাকায় পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছে কমিশন, যাতে বৃহস্পতিবারের ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করা যায়।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন