ভোটের মুখে ফের ধস বাম শিবিরে। একদা দাপুটে যুব নেতা প্রতীক-উর-রহমানের দেখানো পথেই এবার পা বাড়ালেন কসবার একঝাঁক তরুণ তুর্কি। নববর্ষের দিন কসবার তালবাগানে আয়োজিত তৃণমূলের এক সভা থেকে লাল ঝান্ডা ছেড়ে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নিলেন প্রায় ১০০০ জন বাম কর্মী-সমর্থক।
এই দলবদলের নেতৃত্বে রয়েছেন ২০২১ সালের পুরভোটে বামফ্রন্টের কনিষ্ঠতম প্রার্থী তথা ডিওয়াইএফআই-এর লোকাল সেক্রেটারি শাকিব আখতার। কসবা সহ তিনটি লোকাল কমিটির গুরুত্বপূর্ণ সদস্য শাকিবের এই প্রস্থান বিধানসভা নির্বাচনের ঠিক আগে কসবা অঞ্চলে বামেদের সাংগঠনিক ভিত কার্যত নাড়িয়ে দিল।
গতকালকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কসবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ আহমেদ খান এবং তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তাঁদের হাত থেকেই শাকিব ও তাঁর অনুগামীরা তৃণমূলের পতাকা গ্রহণ করেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে কসবায় বাম প্রার্থী দীপু দাসের নির্বাচনী প্রচারের বড় দায়িত্ব সামলাচ্ছিলেন শাকিবই। ফলে তাঁর এই হঠাৎ দলবদল বাম শিবিরের জন্য যেমন বড় ধাক্কা, তেমনই স্বস্তি দিচ্ছে রাজ্যের বিদায়ী মন্ত্রী জাভেদ খানের শিবিরকে। কেন এই দলবদল, তা নিয়ে শাকিব স্পষ্ট করে কিছু না জানালেও, কসবার অলিগলিতে এখন শুধুই 'ইনকিলাব' ছেড়ে 'মা-মাটি-মানুষ' স্লোগানে মেতে ওঠার গুঞ্জন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন