কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জনমোহিনী প্রকল্প বা সরকারি সাহায্যকে বারবার ‘রেউড়ি কালচার’ বলে কটাক্ষ করেছেন, ভোটের আগে সেই পথেই হাঁটল বঙ্গ বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডার বা যুবশ্রীর মতো প্রকল্পের বিরুদ্ধে বারবার সরব হলেও, বিধানসভা ভোটের মুখে সেই ‘ভাতা’ রাজনীতিকেই হাতিয়ার করল গেরুয়া শিবির। বৃহস্পতিবার লিয়েন্ডার পেজ ও বিজেন্দ্র সিংয়ের হাত ধরে ঘটা করে প্রকাশ করা হল ‘যুবশক্তি ভরসা’ কার্ড।
তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসাবে বিজেপি আগেই সংকল্পপত্রে একগুচ্ছ ভাতার প্রতিশ্রুতি দিয়েছিল। বুধবার মহিলাদের জন্য ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশের পর, বৃহস্পতিবার বেকার যুবক-যুবতীদের মন জয়ে ‘যুবশক্তি ভরসা’ কার্ড সামনে আনা হল। এর মাধ্যমে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। অথচ, এই ধরনের সরাসরি আর্থিক সাহায্য বা ভাতাকে এতদিন ‘ভোট কেনার কৌশল’ বলে সমালোচনা করে এসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ এবং অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং এই কার্ড যুবকদের হাতে তুলে দেন। খেলাধুলার আইকনদের ব্যবহার করে মূলত যুব ভোটারদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছে বিজেপি যে - ক্ষমতায় এলে বেকারত্বের জ্বালা মেটাতে ভাতাই হবে তাঁদের অন্যতম হাতিয়ার।
বিজেপির এই পদক্ষেপকে ‘ভণ্ডামি’ বলে দাগিয়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, যারা বাংলার প্রকল্পগুলি নিয়ে বিদ্রুপ করত, তারা এখন সেই নকশাই নকল করছে! তৃণমূল ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে দাবি করেছে, ভোটের ঠিক আগে এভাবে সরাসরি আর্থিক সুবিধার ‘কার্ড’ বিলি করা আদর্শ নির্বাচনী আচরণবিধির (Model Code of Conduct) চরম লঙ্ঘন।
এখন প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় নেতৃত্বের ‘রেউড়ি’ বার্তার বিপরীতে গিয়ে এই ভাতার রাজনীতি কি বিজেপির বৈতরণী পার করতে পারবে? নাকি তৃণমূলের ‘আসল’ প্রকল্পের পাশে বিজেপির এই ‘প্রতিশ্রুতি’ ফিকে হয়ে যাবে, তা বলবে সময়।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন