কলকাতা: ভোটারতালিকায় নাম বাদ পড়া নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ে বড় জয়! সুপ্রিম কোর্ট যখন ঐতিহাসিক রায় দিয়ে জানাল যে ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত ছাড়পত্র পাওয়া (এসআইআরে বাতিল হয়ে যাওয়া) ভোটাররা ভোট দিতে পারবেন, ঠিক তখনই উল্লাসে ফেটে পড়ল ঘাসফুল শিবির। এই রায় সামনে আসার পরই নিজের প্রথম প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে ‘মা-মাটি-মানুষের জয়’ বলে অভিহিত করেছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর অত্যন্ত আবেগপ্রবণ দেখায় তৃণমূল সুপ্রিমোকে। তিনি স্পষ্ট জানান, “আমি খুব খুশি। দেশের বিচারব্যবস্থার উপর আমি গর্বিত। আজ আমার থেকে বেশি খুশি আর কেউ নেই!” দীর্ঘদিন ধরেই ভোটারতালিকা থেকে লক্ষ-লক্ষ মানুষের নাম বাদ পড়া নিয়ে সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, এটি ষড়যন্ত্র করে ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। সুপ্রিম কোর্টের ১৪২ নম্বর ধারা প্রয়োগের সিদ্ধান্ত সেই লড়াইকে স্বীকৃতি দিল বলেই মনে করছেন তিনি।
এই বিষয়ে নিজের বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী ‘মা-মাটি-মানুষ জিন্দাবাদ’ স্লোগান দিয়ে এই জয়কে সাধারণ মানুষের জয় হিসাবে চিহ্নিত করেন। তাঁর মতে, যারা ভোটারতালিকা থেকে নাম বাদ দিয়ে নির্বাচনে অনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল, শীর্ষ আদালতের এই নির্দেশ তাদের মুখে চুনকালি মাখিয়ে দিল!
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট জানিয়েছে যে বিশেষ ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি ঘটিয়ে ভোটের মাত্র দু’দিন আগেও যদি কেউ ভোটারতালিকায় নাম তোলার ছাড়পত্র পান, তাহলে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। রাজ্যে প্রায় ৯১ লক্ষ মানুষের নাম বাদ পড়ার যে বিতর্ক তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রীর মতে এই রায় সেই জট কাটানোর মোক্ষম অস্ত্র! যদিও হাতে মাত্র এই ক'টা দিনে আদৌ কত ভোটার তাঁদের নাম ফের ভোটারতালিকায় তুলতে পারবেন, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
বিষয় : Mamata Banerjee supremecouart tribunal

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন