নয়াদিল্লি: “আপনার কূট চাল দেখলে স্বয়ং চাণক্যও আজ লজ্জা পেতেন!” - ভরা সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে এমনই মন্তব্য ছুড়ে দিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। বিরোধী নেত্রীর মুখে নিজের ‘প্রশংসা’ শুনে তখন মুচকি হাসছেন খোদ শাহও! বৃহস্পতিবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কের মাঝেই তৈরি হল এক নজিরবিহীন মুহূর্ত। যেখানে শাসক-বিরোধী সংঘাত ছাপিয়ে ছড়িয়ে পড়ল হাসির রোল!
মূলত ২০২৩ সালে পাস হওয়া মহিলা সংরক্ষণ বিলের একটি বিশেষ দিক নিয়ে সরব হয়েছিলেন প্রিয়াঙ্কা। মোদী সরকার চাইছে নতুন জনগণনার অপেক্ষা না করেই ২০১১ সালের হিসাব বা বর্তমান আসনের ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করতে। বিরোধীদের অভিযোগ, এর মাধ্যমে সরকার ভবিষ্যতের সমস্ত ক্ষমতা নিজেদের কবজায় রাখতে চাইছে। প্রিয়াঙ্কার মতে, বিলের আড়ালে আসন পুনর্বিন্যাসকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তা আদতে গণতন্ত্রের কণ্ঠরোধের সমান।
এই বিষয়ে বক্তব্য রাখার সময় প্রিয়াঙ্কা যখন সরকারের ‘মাস্টারপ্ল্যান’ নিয়ে আক্রমণ শানান, তখন ট্রেজারি বেঞ্চে বসে হাসছিলেন অমিত শাহ। তা দেখেই প্রিয়াঙ্কা বলে ওঠেন, “স্বরাষ্ট্রমন্ত্রীজি হাসছেন। আজ যদি চাণক্য বেঁচে থাকতেন, আপনাকে দেখে তিনিও চমকে যেতেন। সব পরিকল্পনা আপনি নিজেই করে রেখেছেন। উনি (অমিত শাহ) হাসছেন মানেই আমার কথার সঙ্গে উনিও একমত।” এই শ্লেষাত্মক মন্তব্যের পর আর গাম্ভীর্য বজায় রাখতে পারেননি সাংসদরা। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীও সশব্দে হেসে ওঠেন, আর তার সঙ্গে যোগ দেয় গোটা সংসদ।
ঘটনার নেপথ্যে রয়েছে সরকারের একটি কৌশলগত পদক্ষেপ। আগে বলা হয়েছিল জনগণনার পর আসন পুনর্বিন্যাস হবে। তারপর মিলবে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ। কিন্তু ২০১১-র পর জনগণনা না হওয়ায় সেই কাজ থমকে ছিল। এখন সরকার সংবিধান সংশোধন করে নতুন জনগণনার বাধ্যবাধকতা তুলে দিতে চাইছে। বিরোধীদের দাবি, সরকার নিজের মর্জিমাফিক আসন পুনর্বিন্যাস করতে চাইছে। ভবিষ্যতে আসন সংখ্যা বাড়লে বা কমলে তার রাশ পুরোপুরি সরকারের হাতে থাকবে। এর ফলে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে, যা বিপজ্জনক।
এই জটিল রাজনৈতিক মারপ্যাঁচ নিয়েই বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত উত্তপ্ত থাকল সংসদ। তবে, বিতর্কের তিক্ততার মাঝেও প্রিয়াঙ্কা-শাহের এই ‘চাণক্য’ উপাখ্যানই এখন রাজনৈতিক মহলে অন্যতম চর্চিত আলোচনা হয়ে উঠেছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন