নয়াদিল্লি: লোকসভায় গত ১২ বছরের রেকর্ড ভেঙে বিল পাশ করাতে ব্যর্থ মোদী সরকার! আর, এই সাফল্যের পরই রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার ইঙ্গিত মিলল দিল্লিতে। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন রাহুল গান্ধী! একদিকে ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে কথা বললেন মল্লিকার্জুন খাড়গে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন অখিলেশ যাদব! সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে ‘ইন্ডিয়া’ জোটের এই নতুন রসায়ন ঘিরে শুরু হয়েছে প্রবল চর্চা।
সূত্রের দাবি, লোকসভায় ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ বিল আটকে দেওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নাকি বড় ভূমিকা নিয়েছে! গত ১২ বছরে এই প্রথমবার কোনও বিল পাশ করাতে ব্যর্থ হল নরেন্দ্র মোদী সরকার। তৃণমূল সাংসদদের এই লড়াকু অবস্থানের জন্য ধন্যবাদ জানাতেই অভিষেককে ফোন করেন রাহুল গান্ধী। সূত্রের খবর, কথোপকথনে অভিষেক রাহুলকে স্পষ্ট জানান, "জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে হাওয়া ঘুরছে।"
শুধু রাহুল-অভিষেক নয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফোন করেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। পাশাপাশি, রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে ফোনে কথা বলেন তৃণমূলের ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে। সংসদের অন্দরে ফ্লোর কো-অর্ডিনেশন বা সমন্বয় রক্ষার যে দৃষ্টান্ত তৃণমূল দেখিয়েছে, তার প্রশংসায় পঞ্চমুখ বিরোধী শিবির।
এদিকে, তৃণমূল ও কংগ্রেসের এই কাছাকাছি আসা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, দিল্লিতে এরা হাতে হাত মেলালেও বাংলায় নিজেদের মধ্যে লড়ছে। জনমানসে বিভ্রান্তি ছড়াতেই এই ‘দোস্তি’র নাটক করা হচ্ছে বলে দাবি পদ্ম শিবিরের।
শুক্রবার রাতেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক মেজাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, "লোকসভায় ডিলিমিটেশন বিল পাশের ব্যর্থতা বিজেপির অস্বস্তিকে প্রকাশ্যে এনে দিয়েছে। এটা স্পষ্ট যে এনডিএ সরকার এখন ধার করা সময়ে চলছে। তাদের একাধিপত্যের ভ্রান্ত ধারণা এখন চুরমার হওয়ার পথে।"
লোকসভায় সায়নী ঘোষ, দেব বা অভিষেক নিজে উপস্থিত না থাকলেও, তৃণমূলের অন্য সাংসদরা একযোগে বিলের বিপক্ষে ভোট দিয়ে সরকারকে বিপাকে ফেলেছেন। এই ঘটনা কি তবে ২০২৬-এর আগে জাতীয় রাজনীতিতে বিরোধী ঐক্যের নতুন কোনও অধ্যায়? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন