ভোটের ময়দানে প্রচারের কতই না ধরন দেখা যায়, কিন্তু আমতা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অভিজিৎ হাজরা যা করছেন, তা এক কথায় নজিরবিহীন। প্রথাগত মাইক বা বিশাল মিছিলের বদলে পিঠে একটি বিস্কুটের পেটি দিয়ে তৈরি ‘অভিযোগ বাক্স’ বেঁধে পাড়ায় পাড়ায় ঘুরছেন তিনি।
সাদা কাগজে বাক্সের ওপর বড় বড় করে লেখা— ‘আপনার মতে আপনার বিধানসভা এলাকার সমস্যা এবং পরামর্শ।’ আমতার অলিগলিতে বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাল-হকিকত জানার পাশাপাশি তাঁদের অভাব-অভিযোগ ও এলাকার উন্নয়নের পরামর্শ সরাসরি সংগ্রহ করছেন এই ভূমিপুত্র। সঙ্গে থাকছে পেন ও সাদা কাগজ, যাতে সাধারণ মানুষ অনায়াসেই তাঁদের মনের কথা লিখে ওই বাক্সে ফেলতে পারেন।
অভিজিৎ বাবুর এই অভিনব উদ্যোগ আমতার মানুষের নজর কেড়েছে। কেউ তাঁর কাছে বাড়ির দাবি জানাচ্ছেন, কেউবা চাইছেন রাস্তার আলো বা কর্মসংস্থান। অনেকে নিজের হাতেই সমস্যার কথা লিখে বক্সে ফেলছেন, আবার বয়স্ক বা নিরক্ষরদের সমস্যা শুনে অভিজিৎ নিজেই তা লিখে জমা করছেন।
নির্দল প্রার্থী হিসেবে তাঁর ‘কলিং’ চিহ্নে ভোট চেয়ে অভিজিতের স্পষ্ট বার্তা— জয়ী হয়ে বিধায়ক হলে এই জমা পড়া অভিযোগগুলোকেই অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করবেন। কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তেগেছিয়া এলাকার বাসিন্দা অভিজিৎ মনে করেন, জনপ্রতিনিধি হওয়ার আগেই মানুষের স্পন্দন বোঝা জরুরি। ভোটের ফল যাই হোক না কেন, পিঠে অভিযোগের ঝুলি নিয়ে তাঁর এই দরজায় দরজায় পৌঁছে যাওয়া আমতার নির্বাচনী প্রচারে এক নতুন মাত্রা যোগ করেছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন