কলকাতা: কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার (DC) শান্তনু সিংহ বিশ্বাস কি তবে গা ঢাকা দিলেন? রবিবার ভোর থেকে তাঁর বালিগঞ্জের বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি এবং সোমবার সিজিও কমপ্লেক্সে তলব - এই সবের মাঝে খোদ পুলিশকর্তার হদিশ না মেলায় রহস্য দানা বাঁধছে। একদিকে তাঁর ছেলে দাবি করছেন বাবা বাড়িতেই আছেন, অন্যদিকে ইডি সূত্রের দাবি - তল্লাশির সময় থেকে শান্তনুবাবুর কোনও দেখাই পাওয়া যায়নি!
রবিবার ভোরে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শান্তনুর বালিগঞ্জের বাড়িতে হানা দেয়, তখন থেকেই শুরু হয় এই লুকোচুরি। তল্লাশি চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তনুর ছেলে সায়ন্তন সিংহ বিশ্বাস দাবি করেন, “বাবা বাড়িতেই আছেন। ইডি অফিসাররা ওঁর সঙ্গে কথা বলছেন।” এমনকী, সায়ন্তন এও জানান যে এটি একটি সাধারণ অনুসন্ধান।
কিন্তু ইডির অন্দরের খবর সম্পূর্ণ আলাদা। তদন্তকারী সংস্থা সূত্রে দাবি করা হচ্ছে, রবিবার তল্লাশি চলাকালীন শান্তনু সিংহ বিশ্বাস তাঁর বাড়িতে ছিলেনই না। দীর্ঘ প্রায় ২০ ঘণ্টার তল্লাশি শেষে রাত ২টো নাগাদ ইডি অফিসাররা বেরোলেও একবারের জন্যও ওই পুলিশকর্তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এমনকী, সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা থাকলেও দুপুর পর্যন্ত তিনি বা তাঁর দুই ছেলের সেখানে দেখা মেলেনি।
অতীতে কালীঘাট থানার ওসির দায়িত্ব সামলানো শান্তনুর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ উঠছে। ইডি সূত্রে খবর, বেহালার ধৃত ব্যবসায়ী জয় কামদার এবং কুখ্যাত দুষ্কৃতী ‘সোনা পাপ্পু’র সঙ্গে এই পুলিশ আধিকারিক ও তাঁর দুই ছেলের গভীর আর্থিক যোগসূত্র পাওয়া গিয়েছে। অভিযোগ, প্রোমোটার জয়ের মাধ্যমে শান্তনুর দুই ছেলের শিক্ষা সংক্রান্ত ব্যবসায় বিপুল টাকা ঢুকেছে। সেই নথির হদিশ পেতেই পিতা ও দুই পুত্রকে আজ তলব করেছিল ইডি।
রবিবার শান্তনুর প্রতিনিধি হিসাবে এক আইনজীবী তাঁর বাড়িতে ঢুকতে চাইলেও তাঁকে অনুমতি দেয়নি কেন্দ্রীয় বাহিনী। ওই আইনজীবীও জানিয়েছিলেন যে শান্তনুর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ হয়নি। ফলে প্রশ্ন উঠছে, যদি শান্তনু বাড়িতেই থাকেন, তবে তিনি সামনে আসছেন না কেন? আর যদি বাড়িতে না থাকেন, তাহলে প্রশ্ন ওঠে - একজন উচ্চপদস্থ অফিসার কি ইডি হানার আঁচ পেয়ে আগেই সরে পড়েছিলেন?
লালবাজারের এই প্রভাবশালী অফিসারের ‘নিখোঁজ’ রহস্য নিয়ে এখন তোলপাড় রাজ্য-রাজনীতি। দুষ্কৃতী-ব্যবসায়ী-পুলিশ এই ত্র্যহস্পর্শের জাল ঠিক কতদূর বিস্তৃত, তা জানতেই মরিয়া তদন্তকারীরা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন