নির্বাচন কমিশনের কড়া বার্তা আর নিরাপত্তার ঘেরাটোপের মাঝেই রক্তাক্ত হলো বাংলার ভোট ময়দান। উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক তরুণ সিপিএম কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ছড়াল তীব্র চাঞ্চল্য। মৃত কর্মীর নাম নুর আজম (২২)। পরিবারের সরাসরি অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে পরিকল্পনা করে খুন করেছে।
শনিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ইসলামপুর। পরিবারের দাবি, দুপুরে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি নুরকে তুলে নিয়ে যায়। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর সন্ধ্যায় কার্যত অচৈতন্য অবস্থায় তিনি বাড়ি ফেরেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাড়ি ফেরার পর থেকেই নুর অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং ভয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকেন। তড়িঘড়ি তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
সিপিএম প্রার্থী সামি খান এবং নিহতের পরিজনদের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই ওই এলাকার জনৈক তৃণমূল নেতা নুর আলম তাঁকে হুমকি দিচ্ছিলেন। প্রার্থীর দাবি, নুর প্রাণভয়ে ছুটতে ছুটতে বাড়ি ফিরে বলেছিলেন যে তাঁকে কেউ মেরে ফেলবে। এরপর হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। কমিশনের সমস্ত আশ্বাসকে বুড়ো আঙুল দেখিয়ে এই মৃত্যু নিয়ে ইতিমধ্যেই জেলা রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন