অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানকে নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। রেশনের গম পাচার মামলার জল্পনা উড়িয়ে ইডি স্পষ্ট করেছে যে, রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার সেই পুরনো মামলাতেই বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। এর আগেও ২০২৩ সালে এই একই মামলায় সল্টলেকের দফতরে প্রায় ৬ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল বসিরহাটের প্রাক্তন সাংসদকে।
ইডি সূত্রে খবর, গত কয়েক মাসের তদন্তে এই প্রতারণা চক্র নিয়ে বেশ কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের, যার উত্তর খুঁজতেই নুসরতকে পুনরায় তলব। উল্লেখ্য, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়, যেখানে দাবি করা হয়েছিল যে ২০১৪-১৫ সালে কয়েকশো প্রবীণ নাগরিকের থেকে ফ্ল্যাট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছিল একটি সংস্থা, যার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরত।
নুসরত অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন এবং নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তবে এবারের তলব ঘিরে তৈরি হয়েছে এক নয়া জটিলতা। সূত্রের খবর, বুধবার সিজিও কমপ্লেক্সে সশরীরে হাজিরা দিতে অনিচ্ছাপ্রকাশ করেছেন অভিনেত্রী।
তিনি তদন্তকারীদের জানিয়েছেন যে, ওই সময়ে তিনি দিল্লিতে থাকবেন, তাই সিজিওর বদলে দিল্লির ইডি দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে সুবিধা হয়। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর এই আর্জি গ্রহণ করেছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। উল্লেখ্য, ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের টাকা আত্মসাতের এই গুরুতর অভিযোগের তদন্তে নুসরতের বয়ান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ইডির আধিকারিকরা। এখন দেখার, বুধবার নুসরত সিজিও-তে হাজিরা দেন নাকি দিল্লির পথ ধরেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন