পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের মাত্র ৪৮ ঘণ্টা আগে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে রাজ্যকে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার সাধারণ মানুষের অন্দরমহলের ওপরও কঠোর নজরদারির নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। মদের দোকান বন্ধ রাখা এবং বাইক চলাচলের ওপর বিধিনিষেধের পর এবার বহুতল আবাসনগুলোতেও ‘বহিরাগত’ ফতোয়া জারি করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট চলাকালীন আবাসনের ভেতরে শুধুমাত্র সেই বিধানসভা কেন্দ্রের নথিভুক্ত ভোটাররাই থাকতে পারবেন। কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব তো বটেই, এমনকি ভিন রাজ্য বা অন্য এলাকা থেকে আসা কোনো ব্যক্তি সেখানে অবস্থান করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনের এই সিদ্ধান্তে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে অনেক আবাসনের ভেতরেই ভোটকেন্দ্র থাকায় নিরাপত্তার স্বার্থে পুলিশকে প্রতিটি আবাসনের ‘গেস্ট রেজিস্টার’ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
যারা ভিন রাজ্য বা শহর থেকে পরিবারের কাছে বেড়াতে এসেছেন, তাঁরা নিজের বাড়িতে থাকতে পারবেন কি না, তা নিয়ে একপ্রকার ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তার স্বার্থে এই নিয়ম অত্যন্ত জরুরি এবং তল্লাশি চলাকালীন কোনো অসংগতি ধরা পড়লে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ২৩ তারিখ থেকে শুরু হতে চলা এই নির্বাচন প্রক্রিয়ায় অশান্তি এড়াতে কমিশনের এই ‘লৌহবর্ম’ কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন