বাংলার প্রথম দফার নির্বাচনে কড়া নিরাপত্তার মাঝেও বীরভূমের লাভপুরে ঝরল রক্ত। লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্ট তথা বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মণ্ডলকে বেধড়ক মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সাঁইথিয়া থানার ভ্রমরকোল গ্রামে বুথ দখলের অভিযোগ খতিয়ে দেখে ফেরার পথে এই হামলার শিকার হন তিনি। বিশ্বজিতের অভিযোগ, অন্তত ১০০ জন ঘিরে ধরে তাঁদের ওপর হামলা চালায় এবং মাথায় ইঁট মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও শাসক দল তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
অন্যদিকে, বীরভূমের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জেও বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের নওদা ও ডোমকলেও দফায় দফায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। নওদায় আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি ও বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায়।
নির্বাচন কমিশন ও সিইও মনোজ আগরওয়াল ভোট শান্তিপূর্ণ করার দাবি জানালেও, বেশ কিছু জায়গায় এই ধরনের বিক্ষিপ্ত অশান্তি ও রক্তপাতের ঘটনা ভোটারদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এই গুটিকয়েক ঘটনা বাদ দিলে রাজ্যের বাকি অংশে এখনও পর্যন্ত ভোটদান প্রক্রিয়া মোটের ওপর শান্তিপূর্ণ এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন