ভারতের রাজনীতিতে বড়সড় চমক দিয়ে অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন রাঘব চাড্ডা। শুক্রবার দুপুরে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে আম আদমি পার্টি ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করেন। তবে রাঘব একা নন, তাঁর সঙ্গে পদ্মশিবিরে নাম লিখিয়েছেন স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা এবং বিক্রম সাহানির মতো শীর্ষস্থানীয় নেতারা।
সব মিলিয়ে আপ-এর সাতজন সাংসদ একসঙ্গে দলবদল করায় রাজ্যসভায় অরবিন্দ কেজরিওয়ালের দল বড়সড় ধাক্কা খেল। কৌশলগতভাবে রাজ্যসভায় আপ-এর সাংসদ সংখ্যার দুই-তৃতীয়াংশ একযোগে দলবদল করায় তাঁরা দলত্যাগ বিরোধী আইনের আওতা থেকেও পার পেয়ে যাচ্ছেন বলে জানানো হয়েছে।
দল ছাড়ার কারণ হিসেবে রাঘব চাড্ডা অত্যন্ত আবেগঘন ও বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানান, নিজের রক্ত-ঘাম দিয়ে এবং জীবনের ১৫টি বসন্ত উৎসর্গ করে যে দলকে তিনি লালন করেছিলেন, সেই আম আদমি পার্টি এখন আদর্শচ্যুত হয়েছে। তাঁর মতে, দলটি এখন আর দেশের স্বার্থে নয়, বরং ব্যক্তিগত লাভের জন্য কাজ করছে। "সঠিক ব্যক্তি হয়ে ভুল দলে ছিলাম" —এমন আক্ষেপ প্রকাশ করে তিনি সরাসরি নরেন্দ্র মোদির নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। চলতি মাসের শুরুতে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পর থেকেই এই দলবদলের ইঙ্গিত মিলছিল। মজার বিষয় হলো, রাঘবের জায়গায় যাকে স্থলাভিষিক্ত করা হয়েছিল, সেই অশোক মিত্তলও আজ বিজেপিতে যোগ দিয়েছেন।
তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং গিগ কর্মীদের অধিকার বা টেলিকম সংস্থাগুলির রিচার্জ কেলেঙ্কারি নিয়ে সোশাল মিডিয়ায় সরব হওয়া রাঘব চাড্ডার এই ভোলবদল দিল্লির রাজনীতিতে আম আদমি পার্টির ভিত নাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির কাছে রাঘবের মতো উজ্জ্বল ভাবমূর্তির নেতা পাওয়া নিশ্চিতভাবেই এক বড় প্রাপ্তি।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন