চেন্নাই: দাক্ষিণাত্যের তামিল রাজনীতিতে কি ফের ডিএমকের জয়জয়কার হতে চলেছে? তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা বা এগজিট পোলের ফলাফল অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। একাধিক প্রথম সারির সমীক্ষক সংস্থার পূর্বাভাস অনুযায়ী, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে জোট বিপুল ব্যবধানে ক্ষমতা ধরে রাখতে পারে। অন্যদিকে, পুদুচেরিতে এনডিএ জোটেরও ফেরার সম্ভাবনা জোরালো।
তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার হলো ১১৮। পি-মার্ক (P-Marq) এবং পিপলস পালস (People's Pulse)-এর সমীক্ষা বলছে, ডিএমকে জোট ১২৫ থেকে ১৪৫টি আসন পেতে পারে। প্রধান বিরোধী দল এআইএডিএমকে (AIADMK) জোট পেতে পারে ৬৫ থেকে ৮৫টি আসন।
তবে এবার সবথেকে বড় চমক দিতে পারেন দক্ষিণী মহাতারকা বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (TVK)। প্রথমবার নির্বাচনে নেমেই তারা ১০ থেকে ২৬টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন সমীক্ষা। মেট্রাইজ (Matrize)-এর সমীক্ষাতেও ডিএমকে-কংগ্রেস জোটকে ১২২ থেকে ১৩২টি আসন দিয়ে এগিয়ে রাখা হয়েছে।
কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ৩০টি আসনের লড়াইও বেশ আকর্ষণীয়। অ্যাক্সিস মাই ইন্ডিয়া (Axis My India)-র সমীক্ষা অনুযায়ী, এন আর কংগ্রেসের এন রাঙ্গাস্বামীর নেতৃত্বাধীন এনডিএ জোট ১৬ থেকে ২০টি আসন পেয়ে ক্ষমতা ধরে রাখতে পারে। সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের ঝুলিতে আসতে পারে মাত্র ৬ থেকে ৮টি আসন। সমীক্ষা অনুযায়ী, রাঙ্গাস্বামীই পুদুচেরির মানুষের প্রথম পছন্দের মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, তামিলনাড়ুর রাজনীতিতে ঐতিহাসিকভাবে প্রতি পাঁচবছর অন্তর ক্ষমতা পরিবর্তনের রীতি থাকলেও ২০২১ সালের পর ২০২৬-এও স্ট্যালিনের উপরই মানুষ ভরসা রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। মহাতারকা বিজয়ের রাজনৈতিক অভিষেক তামিল রাজনীতির সমীকরণ কতটা বদলাবে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। তবে বুথফেরত সমীক্ষা মানেই চূড়ান্ত ফল নয়। আগামী ৪ মে ইভিএম খোলার পরই স্পষ্ট হবে দক্ষিণের এই দুই জায়গায় শেষ হাসি কে হাসবেন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন