কলকাতা: ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বিশেষ বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, এবারও তৃণমূল কংগ্রেস ২০০-র বেশি আসন জিতে পুনরায় সরকার গঠন করবে।
এদিনের বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিজেপি বাহিনীকে ব্যবহার করে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলা ও শিশুদের উপর অত্যাচার চালিয়েছে। মমতা সাফ জানান, "নির্বাচন চলাকালীন যাঁরা কেন্দ্রীয় বাহিনীর হাতে নৃশংসভাবে অত্যাচারিত হয়েছেন, দল তাঁদের বিশেষ পুরস্কার দিয়ে সম্মান জানাবে!" একইসঙ্গে, তিনি এক্সিট পোলের সমস্ত ভবিষ্যদ্বাণী স্রেফ নস্যাৎ করে দিয়েছেন।
তৃণমূল নেত্রীর আশঙ্কা, গণনার দিন ইভিএম বদলে দেওয়া বা পোস্টাল ব্যালট নিয়ে কারচুপি করার পরিকল্পনা করা হতে পারে! কর্মীদের সতর্ক করে তিনি বলেন, "আমি দু’দিন সারারাত ঘুমাইনি। ইভিএম মেশিন বদলের ছক হতে পারে, তাই কাউন্টিং হল পর্যন্ত কড়া নজর রাখতে হবে।" প্রার্থীদের উদ্দেশে তাঁর নির্দেশ, দিনের বেলায় কর্মীরা পাহারা দেবেন এবং রাতের বেলায় প্রার্থীরা নিজেরা স্ট্রং রুমের সামনে থাকবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, তিনি নিজে না জানানো পর্যন্ত কোনও কাউন্টিং এজেন্ট যেন গণনাকেন্দ্র ছেড়ে না যান। তিনি নিজে ভবানীপুরের স্ট্রং রুম থেকে শুরু করে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত ঘুরে-ঘুরে নজরদারি চালাচ্ছেন। তাঁর স্পষ্ট বার্তা, "মানুষের ভোটাধিকারের স্বচ্ছতা বজায় রাখতে হবে। গণনায় কারচুপির কোনও চেষ্টা হলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।"
এদিনের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এজেন্টদের করণীয় সম্পর্কে বিস্তারিত কৌশল বুঝিয়ে দেন। এখন দেখার, ৪ মে ইভিএম খোলার পর তৃণমূলনেত্রীর এই ‘ডবল সেঞ্চুরি’র দাবি কতটা বাস্তবায়িত হয়।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন