ফলতা: নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই উত্তপ্ত ফলতায় বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ‘ঘনিষ্ঠ’ নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে খোদ পুলিশের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে।
শনিবার সকাল থেকেই ফলতার হাশিমনগর এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে মারধর এবং এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় সরাসরি নাম জড়িয়েছে জাহাঙ্গির ঘনিষ্ঠ বলে পরিচিত ইসরফউল চোকদার এবং সুজাউদ্দিন শেখের। কমিশন এই দুই নেতার পাশাপাশি তাঁদের সহযোগীদের বিরুদ্ধেও দ্রুত এফআইআর করার নির্দেশ দিয়েছে।
কমিশন শুধু নির্দেশ দিয়েই ক্ষান্ত থাকেনি, স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে। তাদের নির্দেশিকায় বলা হয়েছে, এলাকায় অবিলম্বে শান্তি বজায় রাখার দায়িত্ব পুলিশকে নিতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যদি পুলিশ গড়িমসি করে, তবে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার থেকেই ফলতার হাশিমনগর কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা এবং মারধরের প্রতিবাদে শনিবার ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীর একাংশ। বিক্ষোভকারীদের দাবি, "ইসরফউলদের গ্রেফতার করতে হবে এবং ফলতার বিতর্কিত বুথগুলিতে পুনর্নির্বাচন করাতে হবে।" উল্লেখ্য, শনিবার মগরাহাট ও ডায়মন্ড হারবারে ফের ভোট হলেও ফলতার নাম সেই তালিকায় ছিল না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল দিচ্ছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা নিজে পরিস্থিতি তদারকি করছেন। এখন দেখার, কমিশনের এই কড়া নির্দেশের পর পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন