কলকাতা: শনিবার ব্রিগেডে প্রথমবারের শপথ নিতে চলেছে বিজেপি সরকার। আর, এই ঐতিহাসিক মুহূর্ত ঘিরে সাজো সাজো রব গোটা শহরে। শনিবারের অনুষ্ঠানে একদিকে যেমন থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা, তেমনই নজর কাড়ছে আমন্ত্রিতদের তালিকাও। রাজনৈতিক সৌজন্যের খাতিরে একদিকে যখন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আমন্ত্রণ জানানো হচ্ছে, তেমনই শপথের সুরেলা সন্ধ্যায় শোনা যেতে পারে বড় চমক — ইমন চক্রবর্তীর কণ্ঠ!
বিজেপির এবারের নির্বাচনী প্রচারের কেন্দ্রে ছিল বাঙালিয়ানা। নতুন সরকারের শপথও হতে চলেছে রবীন্দ্রজয়ন্তীর পুণ্যলগ্নে। সেই উদযাপনকে পূর্ণতা দিতেই মূল মঞ্চে রবীন্দ্রসঙ্গীতের আসর বসতে পারে। সূত্রের খবর, সেখানে গান গাইতে পারেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। রাজনৈতিক মহলে যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, ইমন এর আগে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। সেই তাঁর গলাতেই নতুন সরকারের আবাহনী সঙ্গীত শোনাই এখন ব্রিগেডের বড় আকর্ষণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে!
শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে প্রবীণ বাম নেতা বিমান বসু এবং কংগ্রেসের প্রতিনিধিদেরও। এমনকী, রীতি মেনে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের।
শনিবার মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী-সহ বেশ কয়েকজন মন্ত্রী শপথ নিতে পারেন। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরএসএস-এর সঙ্গে একপ্রস্থ বৈঠকের পর মন্ত্রিসভার তালিকায় চূড়ান্ত সিলমোহর দিয়েছেন। কারা ঠাঁই পাচ্ছেন নয়া মন্ত্রিসভায়, তা নিয়ে হবু বিধায়কদের মধ্যে যেমন উৎকণ্ঠা রয়েছে, তেমনই সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তুঙ্গে!
বিশিষ্ট অতিথি, প্রধানমন্ত্রী এবং সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্রদের উপস্থিতিতে শনিবারের ব্রিগেড যে এক অনন্য ইতিহাসের সাক্ষী থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন