চেন্নাই: অবশেষে দীর্ঘ টানাপড়েন ও নাটকীয় পটপরিবর্তনের অবসান। তামিলনাড়ুর মসনদে বসলেন দক্ষিণী মেগাস্টার থলপতি বিজয়। রবিবার চেন্নাইয়ের এক দর্শকঠাসা স্টেডিয়ামে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি। কিন্তু, শপথের অনুষ্ঠানের থেকেও রাজনৈতিক মহলে বেশি চর্চা হচ্ছে তাঁর প্রথম ভাষণ নিয়ে। যেখানে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিয়েছেন নবনির্বাচিত এই মুখ্যমন্ত্রী।
এদিন শপথ নেওয়ার পর জনতার উদ্দেশ্যে বিজয় বলেন, "আমি কোনও অতিপ্রাকৃত শক্তি নই। আমি ঈশ্বরের পাঠানো কোনো দূত (অ্যাঞ্জেল) নই, বরং আমি আপনাদের মতোই একজন রক্ত-মাংসের সাধারণ মানুষ।" রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এই মন্তব্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বহুল চর্চিত ‘নন-বায়োলজিক্যাল’ মন্তব্যের পাল্টা জবাব। অতীতে প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তিনি অনুভব করেন যে তিনি সাধারণ মানুষের মতো জন্ম নেননি! বরং, ঈশ্বর তাঁকে বিশেষ কাজে পাঠিয়েছেন। বিজয়ের ‘সাধারণ মানুষ’ হওয়ার বার্তা মূলত সেই ‘দৈব’ তত্ত্বকেই খোঁচা দিল বলে মনে করা হচ্ছে।
এবারের নির্বাচনে বিজয়ের দল ‘তামিলনাড়ু ভেট্টি কাজাগাম’ (TVK) ১০৮টি আসনে জিতে একক বৃহত্তম দল হিসাবে উঠে আসে। তবে, ২৩৪ আসনের বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ছিল ১১৮টি আসন। কয়েক দিনের টানটান উত্তেজনার পর বিজয়কে সমর্থনের হাত বাড়িয়ে দেয় কংগ্রেস (৫ জন বিধায়ক), সিপিআই, সিপিএম, ভিসিকে এবং আইইউএমএল। ফলে ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে আজ মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন তিনি।
অনুষ্ঠানে বিজয়ের পাশে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। উপস্থিত ছিলেন দক্ষিণী সিনেমার নামী তারকারাও। বিজয় তাঁর ভাষণে আরও জানান, রাজ্যে নারীর নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনই হবে তাঁর প্রধান লক্ষ্য। কোনও প্রতিহিংসার রাজনীতি নয়, বরং উন্নয়নের মাধ্যমেই তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান। নিজের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "আমি আপনাদের ঘরের ছেলে, আপনাদের ভাই হয়েই কাজ করতে চাই।"

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন