কলকাতা: অপেক্ষার অবসান। শপথ গ্রহণের পর নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক সারলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম বৈঠকেই রাজ্যের প্রশাসনিক ও সামাজিক কাঠামো বদলে দেওয়ার মতো ছ'টি বড়সড় সিদ্ধান্ত নিল ‘ডবল ইঞ্জিন’ সরকার। বিএসএফ-এর জমি সমস্যা মেটানো থেকে শুরু করে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু — প্রথম দিনেই নিজের আগ্রাসী মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী!
প্রথম ক্যাবিনেটের ছ'টি ঐতিহাসিক সিদ্ধান্ত:
১. শহিদ পরিবারের দায়িত্ব: যে ৩২১ জন বিজেপি কর্মীর আত্মবলিদানের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাঁদের পরিবারের যাবতীয় দায়িত্ব নিল রাজ্য সরকার।
২. সীমান্ত সুরক্ষা ও বিএসএফ-কে জমি: রাজ্যের জনবিন্যাসের ভারসাম্য বজায় রাখতে সীমান্ত রক্ষা জরুরি। তাই, আগামী ৪৫ দিনের মধ্যে কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফ-কে জমি হস্তান্তর করবে রাজ্য।
৩. কেন্দ্রীয় প্রকল্পের আত্মপ্রকাশ: রাজ্যে আজ থেকেই কার্যকর হচ্ছে ‘আয়ুষ্মান ভারত’। পাশাপাশি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এবং ‘বিশ্বকর্মা যোজনা’র মতো কেন্দ্রীয় প্রকল্পগুলিও চালু করে দেওয়া হল।
৪. চাকরির বয়সে বড় ছাড়: বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। সরকারি চাকরিতে আবেদন করার ঊর্ধ্বসীমা একধাক্কায় ৫ বছর বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
৫. প্রশাসনিক সংস্কার: রাজ্যের আইএএস এবং আইপিএস আধিকারিকরা এখন থেকে অনায়াসেই কেন্দ্রীয় সরকারের যেকোনও ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন, যা এত দিন আটকে ছিল।
৬. আইনি বদল: এতদিন রাজ্যে অসাংবিধানিকভাবে আইপিসি (আইপিসি) কার্যকর ছিল বলে দাবি করে মুখ্যমন্ত্রী জানান, আজ থেকেই বঙ্গে চালু হল ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (বিএনএস)।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “পূর্বতন সরকার রাজ্যের অনেক ক্ষতি করে দিয়ে গিয়েছে। আমরা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব।” বিরোধীদের অপপ্রচারের জবাব দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, রাজ্যে বর্তমানে চালু থাকা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। বরং, মানুষ আরও বেশি সুবিধা পাবে।
দীর্ঘদিন পর রাজ্যে ভয়মুক্ত ও অবাধ নির্বাচন হওয়ায় সাধারণ মানুষ, ভোটকর্মী এবং পুলিশ প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহ থেকে সরকারের রূপরেখা নিয়ে দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পালরা নিয়মিত সাংবাদিক বৈঠক করবেন বলেও তিনি জানান।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন