কলকাতা: বঙ্গনারী ও মা-বোনেদের জন্য সোমবার নবান্ন থেকে জোড়া ধামাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! ভোটের আগে মোদী-শাহের দেওয়া প্রতিশ্রুতি মেনেই রাজ্যে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। আগামী ১ জুন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করবে। শুধু তাই নয়, ওই একই দিন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে টক্কর দিতেই নির্বাচনের আগে ৩,০০০ টাকার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সেই মেগাপ্রকল্পেই সিলমোহর দিল নতুন সরকার। আগে যেখানে মহিলারা মাসে ১,৫০০ থেকে ১,৭০০ টাকা পেতেন, এখন থেকে সবস্তরের মহিলারা মাসিক ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সাধারণ মানুষের মনে সবথেকে বড় প্রশ্ন ছিল — আবার কি লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিতে হবে? নবান্ন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে - যাঁরা আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতেন, তাঁরাই স্বয়ংক্রিয়ভাবে ‘অন্নপূর্ণা ভাণ্ডারের’ আওতায় চলে আসবেন। আপাতত নতুন করে কোনও আবেদনের প্রয়োজন নেই। ভবিষ্যতে যদি কোনও অতিরিক্ত নথি বা তথ্যের প্রয়োজন হয়, তবে সরকার তা আগেভাগে জানিয়ে দেবে।
দিল্লির ধাঁচে এবার বাংলাতেও মহিলাদের জন্য বাস সফর বিনামূল্যে করে দিল শুভেন্দু সরকার। ১ জুন থেকে কোনও সরকারি বাসে চড়লে মহিলাদের আর পকেট থেকে ভাড়ার টাকা গুনতে হবে না। মহিলা ভোটব্যাঙ্ককে বিশেষ গুরুত্ব দিতেই এই যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
রাজ্যে পালাবদলের পর অনেকের মনেই সংশয় ছিল যে পুরনো সামাজিক প্রকল্পগুলি আদৌ চালু থাকবে কিনা। সোমবার সেই সংশয় দূর করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যবাসী আগে যেসব সুবিধা পেতেন, সেগুলি বহাল থাকবে। বরং, অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে সেই সুবিধার পরিমাণ দ্বিগুণ করা হল। আগামী সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কিছু জনমুখী প্রকল্পের ঘোষণা আসতে পারে বলে খবর।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন