কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার অভয়া কাণ্ডে এক চাঞ্চল্যকর মোড় এল। মঙ্গলবার আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। আদালতে বিচারপতি জানান, এই স্পর্শকাতর মামলার তদন্তের জন্য রাজ্য সরকার একটি বিশেষ ‘জুডিশিয়াল কমিশন’ গঠন করছে বলে শোনা যাচ্ছে।
এমতাবস্থায় এই মুহূর্তে তাঁর বেঞ্চে মামলাটি শোনার প্রয়োজন নেই বলেই তিনি মনে করেন। নিয়ম অনুযায়ী, মামলাটি এখন ফেরত পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। বিচারপতি মান্থা এদিন স্পষ্ট করে দেন যে, এই মামলাটি কেবল মামলাকারীর জন্য নয়, বরং গোটা দেশ ও রাজ্যের মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। সকলের নজর এখন এই মামলার ভবিষ্যৎ গতিপ্রকৃতির দিকে।
উল্লেখ্য, আরজি করের তরুণী চিকিৎসকের সেই নৃশংস হত্যাকাণ্ড গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল, যার প্রভাব পড়েছিল বিধানসভা নির্বাচনেও। বর্তমানে অভয়ার মা রত্না দেবনাথ পানিহাটির বিধায়ক হিসেবে বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হলেও, অভয়ার পরিবার এবং সাধারণ মানুষের দাবি ছিল— প্রকৃত সত্য এখনও আড়ালে রয়ে গেছে।
এবার বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকেই বিচারের প্রত্যাশা ফের তুঙ্গে উঠেছে। নতুন সরকারের জুডিশিয়াল কমিশন গঠনের ইঙ্গিত কি তবে প্রকৃত সত্যকে সামনে আনবে? প্রধান বিচারপতির এজলাসে এই মামলা এবার কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন