কলকাতা: মঙ্গলবার কলকাতা পুলিশের কাছে জীবনের মূল স্রোতে ফেরার অঙ্গীকার নিয়ে আত্মসমর্পণ করলেন দুঁদে মাওবাদী নেতা মাধাই পাত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বেঁধে দেওয়া সময়সীমার পরই এই আত্মসমর্পণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিজের এত দিনের সহযোদ্ধাদের প্রতিও সমাজের মূল স্রোতে ফিরে আসার আর্জি জানিয়েছেন এই সদ্য প্রাক্তন মাও-সদস্য।
হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা মাধাই পাত্র দীর্ঘদিন ধরে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং বাংলার মাওবাদী সংগঠনের বিভিন্ন স্তরে সক্রিয় ছিলেন। তবে, দীর্ঘকাল জঙ্গলে থেকে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। তিনি জানান, অসুস্থতার কারণেই তিনি স্বাভাবিক জীবনে ফেরার কথা ভাবতে শুরু করেন। এরপর মাও সংগঠনের ইনচার্জ মিহির বেসরার অনুমতি নিয়েই তিনি কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী সমস্যা পুরোপুরি নির্মূল করা হবে। মাধাই জানান, এই বার্তার আগে থেকেই তিনি ফেরার কথা ভাবছিলেন। ইনচার্জের নির্দেশ ছিল, ৩১ মার্চের পর কেউ চাইলে আত্মসমর্পণ করতে পারেন। সেই পথ মেনেই তিনি আজ পুলিশের কাছে ধরা দিলেন। তাঁর কথায়, "আমি চাই আমার বাকি কমরেডরাও ফিরে আসুন এবং সরকারি সুযোগ-সুবিধা নিয়ে সম্মানের সঙ্গে কাজ করে জীবন কাটান।"
মঙ্গলবার দিনটি মাওবাদীদের জন্য বড়সড় ধাক্কার। একদিকে যখন মাধাই পাত্র আত্মসমর্পণ করছেন, ঠিক তখনই উত্তর কাশীপুর থানা এলাকা থেকে মাওনেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
বিষয় : AmitShah KOLKATAPOLICE maoistsurrender

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন