সিজিও কমপ্লেক্সের চার দেওয়ালের মাঝে কেমন কাটল প্রাক্তন মন্ত্রীর প্রথম রাত? ইডি হেফাজতে সুজিত বসুর প্রথম চব্বিশ ঘণ্টার অভিজ্ঞতাই এখন রাজ্য রাজনীতির অন্দরে সবচেয়ে আলোচিত বিষয়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ১০ দিনের হেফাজত মঞ্জুর হওয়ার পর মঙ্গলবার রাতটা সিজিও কমপ্লেক্সেই কাটিয়েছেন তিনি।
জানা গিয়েছে, জাঁকজমকহীন ডিনারে হালকা খাবার খেয়েছিলেন প্রাক্তন মন্ত্রী, কিন্তু পরিচিত পরিবেশ ছেড়ে ইডি দপ্তরে রাতে তাঁর ঘুম হয়েছে খুবই পাতলা। বার বার ভেঙে গিয়েছে ঘুম, কার্যত অস্বস্তিতেই রাত পার করেছেন তিনি। বুধবার ভোরে লিকার চা দিয়ে দিন শুরু করার পর হালকা প্রাতরাশ সেরেছেন এবং তারপরই শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের ম্যারাথন জেরা।
সুজিত বসুর বিপদ যে বাড়ছে, তা স্পষ্ট হয়েছে আদালতে ইডির দেওয়া তথ্যে। অয়ন শীলের থেকে পাওয়া ডিজিটাল তথ্য অনুযায়ী, একাধিক চাকরিপ্রার্থীর নাম সুপারিশের পাশাপাশি সুজিত ও তাঁর পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের হদিস পাওয়ার দাবি করেছে ইডি।
এমনকি করোনাকালে বন্ধ থাকা তাঁর রেস্তরাঁ থেকে কীভাবে কোটি কোটি টাকা আয় হলো, সেই রহস্যভেদেও কোমর বেঁধে নেমেছে তদন্তকারীরা। তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে আগামী ২১ মে পর্যন্ত তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উদ্ধার হওয়া পাহাড়প্রমাণ নথির সূত্র ধরে এখন প্রাক্তন মন্ত্রীকে মুখোমুখি বসিয়ে বয়ান যাচাই করার প্রক্রিয়া চলছে। আগামী ১০ দিন সিজিও কমপ্লেক্সই সুজিত বসুর অস্থায়ী ঠিকানা হতে চলেছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন