কলকাতা: শহরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে চিংড়িঘাটা মোড়ে মেট্রোর বকেয়া কাজ। অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া-বিমানবন্দর) সম্প্রসারণের লক্ষ্যে আগামী দুটি সপ্তাহান্তে চিংড়িঘাটা ক্রসিংয়ে টানা ৬০ ঘণ্টা করে যানচলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার অজয় নন্দা এই বিশেষ ট্রাফিক ব্লকের অনুমতি দিয়েছেন। ফলে, ১৫ মে থেকে দুই দফায় মোট ১২০ ঘণ্টা বাইপাসের একটি বড় অংশে স্বাভাবিক যানচলাচল ব্যাহত হবে।
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, যান নিয়ন্ত্রণ করা হবে দুই পর্যায়ে:
প্রথম পর্যায়: ১৫ মে (শুক্রবার) রাত ৮টা থেকে ১৮ মে (সোমবার) সকাল ৮টা পর্যন্ত। এই সময় চিংড়িঘাটা মোড়ের উত্তরমুখী যান চলাচল আংশিক বন্ধ থাকবে।
দ্বিতীয় পর্যায়: ২২ মে (শুক্রবার) রাত ৮টা থেকে ২৫ মে (সোমবার) সকাল ৮টা পর্যন্ত। এই সময় দক্ষিণমুখী রাস্তা বন্ধ রাখা হবে।
প্রথম পর্যায়ে (উত্তরমুখী ব্লক) সল্টলেক ও বিমানবন্দরগামী গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনে দিয়ে নতুন তৈরি উত্তরমুখী রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে (দক্ষিণমুখী ব্লক) বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকায় সমস্ত গাড়িকে পশ্চিম দিক দিয়ে পাঠানো হবে। নিউ টাউন বা সল্টলেকের দিক থেকে আসা গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে কেবল বাঁদিকে ঘুরতে পারবে, ডানদিকে ঘোরা নিষিদ্ধ থাকবে। উত্তর অভিমুখে যাওয়ার জন্য গাড়িগুলিকে মেট্রোপলিটান ক্রসিং থেকে ইউ-টার্ন নিতে হবে।
হাওড়া বা উত্তর কলকাতার দিক থেকে আসা কোনও পণ্যবাহী গাড়িকে হাডকো মোড় বা কাঁকুরগাছি ক্রসিং থেকে চিংড়িঘাটার দিকে যেতে দেওয়া হবে না। পরিস্থিতি অনুযায়ী পুলিশ প্রয়োজনে আরও কিছু তাৎক্ষণিক পদক্ষেপ করতে পারে।
চিংড়িঘাটা মোড়ের মাত্র ৩১৬ বর্গমিটার অংশে এই কাজের জন্য দীর্ঘ সময় ধরে আইনি লড়াই চলেছে। পূর্বতন সরকার যান নিয়ন্ত্রণের অনুমতি না দেওয়ায় মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতে রাজ্য সরকার ভর্ৎসিত হওয়ার পর এবং বাংলায় নতুন সরকার ক্ষমতায় আসার পরেই অবশেষে এই প্রকল্পের জট কাটল। আরভিএনএল জানিয়েছে, এই পিলারের কাজ শেষ হলে দ্রুত গতিতে এগোবে বিমানবন্দরের মেট্রো প্রকল্প।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন