কলকাতা: তিলোত্তমাবাসীর জন্য অত্যন্ত স্বস্তির খবর! রাজ্যে ক্ষমতা বদলের পরেই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট কাটানোর যে আশ্বাস পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল দিয়েছিলেন, তা অবশেষে বাস্তবায়িত হতে চলেছে। দীর্ঘ আইনি টানাপোড়েন এবং পূর্বতন সরকারের জমানায় থমকে থাকা ই এম বাইপাসের চিংড়িঘাটা মোড়ের ৩১৬ বর্গমিটার বিতর্কিত অংশের কাজ শুরু করার সবুজ সংকেত মিলেছে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৫ মে শুক্রবার রাত ৮টা থেকেই পুরোদমে শুরু হচ্ছে এই সম্প্রসারণের কাজ। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে, আগামী দুর্গাপুজো কিংবা বড়দিনের আগেই নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দরগামী এই গুরুত্বপূর্ণ করিডরে চাকা গড়াতে পারে মেট্রোর। বর্তমানে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল করলেও, এই কাজ শেষ হলে চিংড়িঘাটা, সল্টলেক, নিউটাউন হয়ে সরাসরি বিমানবন্দরে পৌঁছানো যাবে এক লহমায়, যা বাইপাসের চেনা যানজট থেকে চিরতরে মুক্তি দেবে যাত্রীদের।
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাইপাসের এই অতি গুরুত্বপূর্ণ অংশের কাজ মূলত দুই দফায় সম্পন্ন করা হবে। প্রথম দফার কাজ চলবে ১৫ মে শুক্রবার থেকে ১৮ মে সোমবার পর্যন্ত। এর পরবর্তী দফায় আগামী ২২ মে শুক্রবার থেকে ২৫ মে সোমবার পর্যন্ত টানা কাজ চালানো হবে। তবে এই মেগা ব্লকের কারণে ই এম বাইপাসে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।
দুই দফাতেই শুক্র, শনি এবং রবিবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইপাসের উত্তর ও দক্ষিণমুখী লেনে গাড়ি নিয়ন্ত্রণ করা হবে। স্বস্তির বিষয় এটাই যে, এই কাজের সময় চিংড়িঘাটা ফ্লাইওভার সম্পূর্ণ খোলা থাকছে, যার ফলে সল্টলেক, সেক্টর ফাইভ কিংবা নিউটাউনগামী নিত্যযাত্রীদের যাতায়াতে কোনও বড়সড় ভোগান্তির মুখে পড়তে হবে না।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন