কলকাতা: বাংলার মসনদে বসার পর এবার একেবারে 'মহাগুরু'র দরবারে হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! শনিবার সকালে আচমকাই নিউ টাউনে বিজেপি নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যান তিনি। শপথ নেওয়ার পর মিঠুনের সঙ্গে এটিই তাঁর প্রথম একান্ত বৈঠক। আর, প্রথম সাক্ষাৎকারের শুরুতেই ঘটল এক আবেগঘন মুহূর্ত, যা দেখে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
এদিন সকালে শুভেন্দুকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু, মহাগুরুকে কার্যত চমকে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনি আসবেন কেন? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী নিজেই আপনার কাছে আসবে!’’ শুভেন্দুর মুখে এই কথা শুনেই আবেগ ধরে রাখতে পারেননি মিঠুন, নতুন মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরেন তিনি।
ঘণ্টাখানেকের এই রুদ্ধদ্বার বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুকে প্রশংসায় ভরিয়ে দেন মিঠুন চক্রবর্তী। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘‘এর থেকে ভাল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে এ কথা বলছি। শপথ নেওয়ার পর থেকে উনি যেভাবে কাজ করে চলেছেন, তাতে আমাদের সৌভাগ্য যে ওঁকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। আমি সবসময় ওঁর পিছনেই রয়েছি।’’
বৈঠক শেষে শুভেন্দু অধিকারীও মিঠুন চক্রবর্তীকে এ রাজ্যে পরিবর্তনের অন্যতম কারিগর বলে উল্লেখ করেন। তবে, এরই মাঝে নিজের জীবনের এক গোপন তথ্য ফাঁস করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, অষ্টম শ্রেণীর পর তিনি আর কোনও সিনেমা থিয়েটারে গিয়ে দেখেননি! কিন্তু, সিনেমা না দেখলেও মিঠুনদার স্থান তাঁর কাছে অনন্য। কারণ, তিনি 'মহাগুরু'।
শুভেন্দু বলেন, ‘‘মিঠুনদা এ রাজ্যে বিজেপির জয়ের অন্যতম কারিগর। আমাকে দল মুখ্যমন্ত্রী করেছে, তার পিছনেও ওঁর হাত রয়েছে। ছ’বছর ধরে নিঃস্বার্থভাবে পরিশ্রম করেছেন উনি। তাই আজ ওঁর আশীর্বাদ নিতে এসেছি।’’
বিধানসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বিজেপির হয়ে প্রচার করেছিলেন মিঠুন। সেই সময় সাধারণ মানুষকে দেওয়া নানা প্রতিশ্রুতির ভবিষ্যৎ কী? এই প্রশ্নের জবাবে মিঠুন জানান, প্রচার পর্বে তিনি যেখানে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার নতুন সরকারের জমানায় তার সবকটি পূরণ করা হবে। মুখ্যমন্ত্রী তাঁকে যেভাবে কাজ করতে বলবেন, তিনি সেটাই অনুসরণ করবেন।
উল্লেখ্য, আজ থেকেই নিজের জেলা সফর শুরু করছেন শুভেন্দু অধিকারী। প্রথম দিনই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তাঁর প্রশাসনিক সভা রয়েছে। আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচনের আগে জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে জেলা সফরের ঠিক আগেই মিঠুনের বাড়ি গিয়ে তাঁর এই সাক্ষাৎ রাজ্যের রাজনৈতিক সমীকরণকে আরও মজবুত করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন