কলকাতা: বঙ্গে বিজেপি সরকার গঠনের পর থেকেই শুরু হয়েছে একের পর এক প্রশাসনিক রদবদল। আর এবার এক ধাক্কায় তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা ও প্রাক্তন মন্ত্রীদের ভিআইপি নিরাপত্তায় বড়সড় কোপ বসাল লালবাজার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানোর পর, এবার সেই তালিকায় যুক্ত হল তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার, শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষদের মতো হেভিওয়েটদের নাম। লালবাজার সূত্রে জানা গিয়েছে, রাজীব কুমার ছাড়াও তৃণমূলের অন্তত ১০ জন প্রথম সারির নেতা ও প্রাক্তন মন্ত্রীর বাড়ির ‘হাউস গার্ড’ বা পুলিশি পাহারা সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে।
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে ঘিরে থাকা নিরাপত্তার এলাহি চাদর সরিয়েছিল রাজ্য সরকার। লালবাজারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, তিনি কেন্দ্রীয় মন্ত্রী নন, কেবল একজন সাংসদ; তাই একজন সাংসদ হিসেবে যতটা নিরাপত্তা পাওয়ার কথা, এখন থেকে তিনি ততটুকুই পাবেন। নতুন সরকারের এই কড়া বার্তার পর থেকেই জল্পনা চলছিল যে তৃণমূল আমলের অন্যান্য দাপুটে নেতাদের নিরাপত্তাও এবার ছাঁটাই হতে পারে। কারণ, বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে পূর্বতন সরকারের আমলে অনেকেই পদের তুলনায় অতিরিক্ত মাত্রায় সরকারি নিরাপত্তা ভোগ করছিলেন। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।
নতুন এই নির্দেশিকা অনুযায়ী, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী ও বিধায়ক কুণাল ঘোষদের বাড়ির সামনে থেকে পুলিশি পাহারা সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্রোটোকল মেনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজীব কুমার সাংসদ হিসেবে এবং কুণাল ঘোষ বিধায়ক হিসেবে যেটুকু নিরাপত্তা পাওয়ার, সেটুকুই পাবেন। কিন্তু অরূপ বিশ্বাস ও শোভনদেব চট্টোপাধ্যায়রা যেহেতু এখন আর মন্ত্রী নন, এমনকি অরূপ বিশ্বাস বিধানসভা ভোটে হেরেও গিয়েছেন, তাই নিয়মানুযায়ী তাঁদের অতিরিক্ত নিরাপত্তা বাতিল করা হয়েছে। শুধু রাজনৈতিক নেতারাই নন, ডিরেক্টর অব সিকিউরিটি তথা প্রাক্তন ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পাণ্ডের নিরাপত্তাতেও এবার কাটছাঁট করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। ক্ষমতার অলিন্দে এই বিশাল ওলটপালট ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চর্চা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন