ডায়মন্ড হারবার: বঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক স্তরে একের পর এক নজিরবিহীন বদল লক্ষ্য করা যাচ্ছে। এবার সরকারি আধিকারিকদের সম্মান ও পদের গরিমা বজায় রাখতে এক বেনজির পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল, শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন, সরকারি অফিসারদের সামনে বসিয়ে রেখে তাঁদের উপস্থিতিতে কোনও রকম রাজনৈতিক প্রশ্ন করা যাবে না। শুভেন্দু অধিকারীর এই কড়া বার্তা আসলে বিগত তৃণমূল সরকারের জমানার চেনা ‘কালচার’ বা সংস্কৃতিকে বন্ধ করারই এক জোরালো প্রয়াস বলে মনে করছে রাজ্যের ওয়াকিবহাল মহল।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ নেতাদের বিরুদ্ধে বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, তৃণমূল আমলে সরকারি মঞ্চ থেকে অবলীলায় রাজনৈতিক ভাষণ দেওয়া হত, আবার রাজনৈতিক সভা থেকে করা হত সরকারি ঘোষণা। এমনকি প্রকাশ্য প্রশাসনিক বৈঠকে আইএএস বা আইপিএস অফিসারদের নাম ধরে ডেকে ‘তুমি তুমি’ সম্বোধন করে কার্যত কাঠগড়ায় দাঁড় করানো হতো। এই প্রথাকে ‘অসাংবিধানিক’ ও অসম্মানজনক আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, “আগের সিস্টেম আর হবে না। মিটিংয়ের মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা বা তুমি তুমি করা চলবে না।” সাংবাদিকদের উদ্দেশ্যে হাতজোড় করে মুখ্যমন্ত্রী বিনীত অনুরোধের সুরে বলেন, “সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া বা পলিটিক্যাল প্রশ্ন করা বন্ধ হোক। এঁরা কেউ হায়দরাবাদ, কেউ মুসৌরি, কেউ দেরাদুন থেকে উচ্চশিক্ষা নিয়ে কঠিন পরীক্ষা পাশ করে এসেছেন, এঁদের নিজস্ব ডিসিপ্লিন রয়েছে। দয়া করে রাজনৈতিক প্রশ্ন আপনারা আমায় আলাদাভাবে করবেন, অফিসারদের উপস্থিতিতে নয়।”
নতুন সরকারের এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, আইএএস (IAS) ও আইপিএস (IPS) অফিসারদের পেশাদারিত্বকে মর্যাদা দিয়ে প্রশাসনকে আরও মজবুত ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতেই মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ করেছেন। বিগত জমানার দলীয় ক্যাডার রাজ এবং সরকারি আমলাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার যে রেওয়াজ তৈরি হয়েছিল, তা যে নতুন জমানায় আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা কার্যত ডায়মন্ড হারবারের মাটি থেকেই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন