কলকাতা: দীর্ঘ ১০ মাসের প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ। গত বছরের ২৮ জুলাই এই ব্যস্ততম মেট্রো স্টেশনের পিলারে মারাত্মক ফাটল দেখা গিয়েছিল। যাত্রী সুরক্ষার স্বার্থে এবং অন্যান্য একাধিক বড়সড় ত্রুটির কারণে তখন থেকেই কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই দীর্ঘ সময় ধরে দক্ষিণেশ্বর থেকে আসা কবি সুভাষগামী ট্রেনগুলি শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্তই যাত্রী নিয়ে যাতায়াত করছিল। তবে আজ, রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে স্টেশন পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় দক্ষিণ কলকাতার এই লাইনে মেট্রো চলাচলের নিয়মে সাময়িক কিছু বদল আনা হয়েছে।
পুনর্নির্মাণের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আজ দিনভর মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ‘রেক রিভার্সাল’-এর কাজ করা হচ্ছে, যাতে আগামী দিনগুলিতে ডাউন লাইনের মেট্রো এই স্টেশনে এসেই সরাসরি আপ লাইনে ঘুরে যেতে পারে। এতদিন কবি সুভাষ স্টেশন বন্ধ থাকলেও ট্রেনগুলি ফাঁকা অবস্থায় কবি সুভাষ পর্যন্ত গিয়ে সেখান থেকে ঘুরে আসত। কিন্তু এখন সেখানে পুরোদমে ভাঙা-গড়ার কাজ চলবে বলেই এই বিকল্প ব্যবস্থা।
মেট্রো কর্তৃপক্ষের পেশ করা রিপোর্ট অনুযায়ী, নতুন কবি সুভাষ স্টেশনের সম্পূর্ণ আধুনিক নকশা বা ব্লু প্রিন্ট তৈরির কাজ চলতি ২০২৬ সালের গোড়াতেই শেষ হয়ে গিয়েছে। ১০ মাসের দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে কাজ শুরু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। সবকিছু যদি মেট্রো রেলের পরিকল্পনা ও নকশা অনুযায়ী এগোয়, তবে চলতি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই নতুন কবি সুভাষ স্টেশনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং ফের সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এই স্টেশন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন